জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার হুমকি দিলেন বিএনপি'র সংসদরা
https://parstoday.ir/bn/news/bangladesh-i100280-জাতীয়_সংসদ_থেকে_পদত্যাগ_করার_হুমকি_দিলেন_বিএনপি'র_সংসদরা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন দলের নির্বাচিত সংসদস্যগণ । একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তির জন্য তাঁরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২১, ২০২১ ১৪:৪৯ Asia/Dhaka
  • জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার হুমকি দিলেন বিএনপি'র সংসদরা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন দলের নির্বাচিত সংসদস্যগণ । একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তির জন্য তাঁরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছেন।

আজ রোববার সকালে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়জিত মানববন্ধন কর্মসূচি থেকে এমন ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে অংশ নেন  বিএনপির সংসদ সদস্য  হারুনুর রশীদ, জি এম সিরাজ এমপি, আবদুস সাত্তার ভূঁইয়া,  আমিনুল ইসলাম, মোশাররফ হোসেন  এবং সংরক্ষিত আসন থেকে নির্বাচিত সদস্য রুমিন ফারহানা। এ কর্মসূচি ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কর্মসূচি চলাকালে ফুটপাত দিয়ে পথচারীদে  চলাচলও নিয়ন্ত্রণ করা হয়।

মানববন্ধনে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী  খালেদা জিয়ার মুক্তির দাবি ন্যায়সংগত। এ দাবি মানা না হলে তাঁরা জাতীয় সংসদে থাকবেন কি না, সেটি চিন্তাভাবনা করবেন।  তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন,  ‘আমাদের সংসদ থেকে বেরিয়ে যেতে বাধ্য করবেন না।’

বিএনপি’র এ সংসদ সদস্য আরো বলেন, খালেদা জিয়া মুক্তি পেলে সারা দেশের মানুষ উজ্জীবিত হবে, এটি জেনে সরকার তাঁকে মুক্তি দিচ্ছে না। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী যেভাবে পেছন ফিরে আইনমন্ত্রীকে ‘ডিকটেড’ করেছেন, তা লজ্জাকর। আর আইনমন্ত্রী যেভাবে ব্যাখ্যা দেন, তা হাস্যকর।

বিএনপি’র অপর সংসদ সদস্য  জি এম সিরাজ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু সরকার চিকিৎসকের কথা উপেক্ষা করছে। আইনমন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে আবার জেলে গিয়ে আবেদন করতে হবে। সরকার চাইলে খালেদা জিয়ার বাসভবনকে সাবজেল ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে বিদেশে চিকিৎসার জন্য নিতে পারে। তিনি বলেন, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর যে শারীরিক ভাষা দেখা গেছে, তাতে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তাঁরা কিছু আশা করেন না। রাষ্ট্রপতিকে তাঁর ক্ষমতাবলে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান তিনি।

সংরক্ষিত আসন থেকে নির্বাচিত রুমিন ফারহানা বলেন, খালেদা জিয়াকে সরকার ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাঁর কিছু হলে দায় সরকারকেই নিতে হবে। দেশে আইনের শাসন থাকলে খালেদা জিয়া এমনিতেই জামিন পেতেন। এখনো ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। আইনমন্ত্রী যে ব্যাখ্যা দিচ্ছেন, তা সর্বৈব মিথ্যা অপব্যাখ্যা।#

 

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।