নিরাপদ সড়কের দাবিতে আজও রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা
https://parstoday.ir/bn/news/bangladesh-i100564-নিরাপদ_সড়কের_দাবিতে_আজও_রাজপথে_নেমেছেন_শিক্ষার্থীরা
নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানীতে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। আজ বেলা ১১টায় ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজার সামনে তিন রাস্তার মোড়ে এবং রামপুরা এলাকায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। একদল শিক্ষার্থী স্লোগান দিতে থাকেন। আরেক দল শিক্ষার্থী গাড়ির লাইসেন্স চেক করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৮, ২০২১ ১৫:২০ Asia/Dhaka
  • নিরাপদ সড়কের দাবিতে আজও রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানীতে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। আজ বেলা ১১টায় ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজার সামনে তিন রাস্তার মোড়ে এবং রামপুরা এলাকায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। একদল শিক্ষার্থী স্লোগান দিতে থাকেন। আরেক দল শিক্ষার্থী গাড়ির লাইসেন্স চেক করেন।

আন্দোলনকারীরা নটেরডেমে কলেজের শিক্ষার্থী নাঈম হত্যার বিচার হাফ পাসের দাবি জানান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা  বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।’
শিক্ষার্থীরা রাজধানীতে সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হলেও অ্যাম্বুলেন্স ও ওষুধ কোম্পানির গাড়ির মতো জরুরি সেবার কাজে থাকা থামিয়ে দেওয়া হয়।  

গণপরিবহনের অর্ধেক ভাড়ার দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সম্প্রতি ডিজেলের মূল্যবৃদ্ধির পর রাজধানীর সড়কে এবং দূরপাল্লার বাসের ভাড়া বৃদ্ধি করেন পরিবহনমালিকেরা। এর পরই এ আন্দোলনের শুরু।

এরই মধ্যে গত বুধবার কলেজে যাওয়ার পথে গুলিস্তানে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নিহত হন নাঈম হাসান। এর পরদিন বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান সংবাদকর্মী আহসান।  শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিরাপদ সড়কের দাবিও এর ফলে আরও জোরালো হয়ে ওঠে।

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে সারা দেশে বিআরটিসির বাসে ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। গত শুক্রবার এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, আগামী ১ ডিসেম্বর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সরকারি এ পরিবহন পরিষেবায় অর্ধেক ভাড়ার বিষয়টি নিশ্চিত হলেও রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে চলা সিংহভাগ ব্যক্তিমালিকানাধীন বাসের ক্ষেত্রে অর্ধেক ভাড়ার বিষয়টি এখনো ঝুলে আছে। এ নিয়ে সরকারের সঙ্গে দুই দফা বৈঠক হয়েছে পরিবহনমালিকদের। তবে এর কোনো সুরাহা হয়নি।

উল্লেখ্য, ২০১৮ সালে রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুজন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর সড়ককে নিরাপদ করার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। সেখান থেকে নয়টি দাবি ওঠে। দাবিগুলোর মধ্যে একটি দাবি ছিল ঢাকাসহ পুরো বাংলাদেশে গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে শিক্ষার্থীদের ভাড়ায় ছাড় দিতে হবে। পাশাপাশি নগরীতে যে সিটিং বাসগুলো চলছে, সেগুলো শিক্ষার্থীদের সুবিধা  অনুযায়ী অবশ্যই থামাতে হবে এবং তাদের পরিবহন করতে   হবে। শিক্ষার্থীরা জানান,  অর্ধেক ভাড়া মওকুফের দাবি নতুন কোন দাবী নয়। ##

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।