আমরা খুব দুঃসময় অতিক্রম করছি: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে নেত্রী তাঁর সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কারাগারে গেছেন, সেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেন আজ বিশেষ চিকিৎসার ব্যাবস্থা করতে দেওয়া হচ্ছে না।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফগখরুল হলেন, ‘কী দুর্ভাগ্য আমাদের! জোর করে ক্ষমতা দখল করে যিনি দেশ চালাচ্ছেন তিনি বলেছেন, অনেক মানবতা দেখিয়েছি আর কত? এটা কোনও সভ্য দেশের নেতা বা প্রধানমন্ত্রীর কাছে আশা করা যায় না। বিএনপির মহাসচিব বলেন, ‘এখন আর জ্ঞানী এবং প্রজ্ঞাবহ রাজনীতিবিদ পাওয়া যায় না। বর্তমান সরকারের অপশাসন ও অপকর্মের ফলে এখন শক্তি আর টাকা ছাড়া কোনও রাজনীতি নেই। পুরো সংস্কৃতিটাকেই বদলে দিয়েছে। গত এক যুগে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পূর্ণ বদলে দিয়েছে। এখানে এখন সত্য ও সুন্দর বলতে কিছু নেই, আছে শুধু ভয়াবহ প্রতিহিংসা, অত্যাচার, নির্যাতন।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা খুব দুঃসময় অতিক্রম করছি। তবে, আমরা বিশ্বাস করি, অবশ্যই অন্ধকার কেটে যাবে। অবশ্যই একদিন নতুন সূর্য উদয় হবে। অবশ্যই খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।’
মির্জা ফখরুল বলেন, ‘এখন আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ঐক্য। আমাদেরকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। দেশের সকল রাজনৈতিক দল, সব সামাজিক সংগঠন আর সব দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ করে এই ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।