ডা. মুরাদ হাসানের অশালীন এবং কুরুচিপুর্ণ মন্তব্য: গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
বাংলাদেশের নারীদের বিরুদ্ধে বিশেষ করে একজন বিরোধী রাজনৈতিক নেতার কন্যাকে নিয়ে অশালীন এবং কুরুচিপুর্ণ মন্তব্য করার জের ধরে সৃষ্ট বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের।
ইতোমধ্যে তার নিজ জেলা জামালপুরের আওয়ামীলীগের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জনরোষ এখন তাকে তাড়িয়ে বেড়াচ্ছে দেশের বাইরেও। প্রবাসী বাংলাদেশিদের দাবীর মুখে কানাডার বিমানবন্দরে থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। দুবাইয়ে ফিরে এসেও প্রবাসীদের প্রতিবাদের মুখে পড়তে হয়েছে এ বিতর্কিত রাজনীতিবিদকে।
সর্বশেষ খবরে জানা যায়, রোববার বিকাল ৪টা ৫৪ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মুরাদ হাসান। ইতোমধ্যে ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহীতে মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক তিনটি মামলা রুজু করেছে বিএনপি আইনজীবী ফোরাম। মুরাদ হাসান ছাড়াও ফেসবুক লাইভে টক শো উপস্থাপক হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে।
মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯, ৩১ ও ৩৫ ধারায় শাস্তিযোগ্য হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, মানুষ ‘আওয়ামী লীগ’ শব্দকে এখন গালি হিসেবে ব্যবহার করে। চায়ের দোকানে বসলে যে লোকটা সবচেয়ে জোরে কথা বলছে আর অশ্লীল কথা বলছে, ঐ লোকটাই হচ্ছে আওয়ামী লীগ। লজ্জা হয়, দুঃখ হয় সরকারের একজন সাবেক প্রতিমন্ত্রী কী ভাষায় কথা বলেন। এটাই কিন্তু আওয়ামী লীগের আসল চেহারা।’
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর মুরাদ এক ভিডিও সাক্ষাৎকারে উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, মিথ্যাচার, নারীবিদ্বেষী, মানহানিকর অশ্লীল মন্তব্য করেন। মুরাদ হাসান তার ফেসবুকের ভেরিফায়েড পেজে এ বক্তব্য প্রচার ও প্রকাশ করেন। এ ছাড়া মুরাদ হাসান একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করেন। ফেসবুকের মাধ্যমে এসব বক্তব্য সারাবিশ্বে ছড়িয়ে পড়লে সর্বমহলে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। #
পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার /১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।