৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস
চাঞ্চল্যকর মেজর সিনহা হত্যা মামলার রায় ঘোষণা: ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি
-
ওসি প্রদীপ
কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় দীর্ঘ শুনানি, সাক্ষীদের জবানবন্দি, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া, বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিতসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বাকী আসামীদের মধ্যে এপিবিএন এর ৩ সদস্যসহ ৭ জনকে খালাস দেয়া হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।
২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় সারাদেশে প্রতিবাদ বিক্ষোভ সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দিতে নানা অপচেষ্টা চালানো হলেও তদন্তে বেরিয়ে আসে জড়িতদের নাম এবং তাদের নৃশংসতার কাহিনী।
ঘটনার পাঁচ দিন পর ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এ চারটি মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় র্যাবকে।
পরে ২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র্যাব-১৫ কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়। এতে সাক্ষী করা হয় ৮৩ জনকে।
এ মামলায় গত বছর (২০২১ সালে) ২৭ জুন আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়। এরপর গত ২৩ আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্য-গ্রহণ। যা শেষ হয় গত ১ ডিসেম্বর। পরে গত ৬ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয় আসামিদের ৩৪২ ধারায় বক্তব্য গ্রহণ। রায় পাঠকালে আদালতের বিচারক তার পর্যবেক্ষণে বলেছেন, এ হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত।
হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সাবেক সরকারি কৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের বলেছেন,
মেজর সিনহাকে হত্যা করার পর সেই খুনকে জায়েজ করতে তিনটি মামলা দায়ের করা হয়। ওই তিন মামলাতেই ওরা স্বীকার করে নিয়েছেন ওরাই খুনি।
সিনহা হত্যা মামলার রায় ঘোষণার দিন আজ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ওসি প্রদীপ কুমারের হাতে ক্রসফায়ারে নিহতদের স্বজন ও নির্যাতিতরা। এসময়ে ওসি প্রদীপ ও লিয়াকতসহ সিনহার হত্যা মামলার আসামিদের ফাঁসি দাবি করেন ভুক্তভোগীরা।
সোমবার সকাল পৌনে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নির্যাতিত ব্যক্তি অংশ নেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন ওসি প্রদীপের হাতে নির্যাতনের শিকার কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তাফা খান, ভুক্তভোগী হামজালাল ও ক্রসফায়ারে ছেলে হারানো হালিমা খাতুনসহ আরও কয়েকজন।
তারা বলেন, ক্রসফায়ারের নামে বহু মানুষকে হত্যা, ধর্ষণ, অপহরণসহ নানা অপকর্মে জড়িত ছিলেন ওসি প্রদীপ। এর কোনো প্রতিকার পাননি তারা, তাই সিনহা হত্যা মামলার রায়ের দিকে তাকিয়ে আছেন। এই মামলায় ওসি প্রদীপের ফাঁসি হলে স্বজন হারানো পরিবারগুলি সান্ত্বনা পাবেন। #
পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।