বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে সার্চ কমিটি, বিএনপির প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i103390-বিচারপতি_ওবায়দুল_হাসানকে_সভাপতি_করে_সার্চ_কমিটি_বিএনপির_প্রতিক্রিয়া
বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করেছে সরকার।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২২ ১৩:২১ Asia/Dhaka
  • বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে সার্চ কমিটি, বিএনপির প্রতিক্রিয়া

বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করেছে সরকার।

আজ (শনিবার) সকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।  

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ এর ধারা ৩ মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণের নিয়োগদানের জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার লক্ষ্যে অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হলো।

বিএনপির প্রতিক্রিয়া

সার্চ কমিটি নিয়ে আদেশ জারির পরই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা মনে করি এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। সার্চ কমিটি হোক আর যে নির্বাচন কমিশনই হোক, এ সরকার থাকলে আমরা কোনো নির্বাচনে যাবো না।

এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি ঘোষণা আওয়ামী লীগ সরকারের ভোট চুরির প্রকল্পের অংশ। এই সরকার ভোট চুরির সরকার। নতুন নিরপেক্ষ সরকার আসবে। সেই সরকারের অধীনে সার্চ কমিটি গঠিত হলে বিএনপি নির্বাচনে যাবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় বলেন, সার্চ কমিটি হলো মানুষকে বিভ্রান্ত করা। আওয়ামী লীগের বাইরে সব রাজনৈতিক দল নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার প্রত্যাশা করে। দলনিরপেক্ষ সরকার ক্ষমতায় না থাকলে প্রশাসন, নির্বাচন কমিশন কোনোটাই নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। এটা লোক দেখানো সার্চ কমিটি। এর থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায় না।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে তার আগেই নতুন কমিশন গঠন করতে হবে। সেই কমিশনের অধীনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

এ বিষয়টি সামনে রেখে  গত ২৯ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২’ গেজেট আকারে প্রকাশ করা হয়। আইনে বর্ণিত যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে ১০ জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। তাদের মধ্য থেকেই পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন নতুন নির্বাচন কমিশন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।