দেশকে বদলে দিয়েছি, আশা করি জনগণ আমাদের ভোট দেবে: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i103568-দেশকে_বদলে_দিয়েছি_আশা_করি_জনগণ_আমাদের_ভোট_দেবে_শেখ_হাসিনা
আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এ আশা প্রকাশ করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ১৫:৪৪ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এ আশা প্রকাশ করেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বিকাল সাড়ে ৪টায় গণভবনে সভাপতিমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত  হয়।

বৈঠক প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে আশা করি জনগণ আমাদের ভোট দেবে। কারণ, একটা দেশকে আমরা বদলে দিয়েছি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। জনগণের ওপর আমাদের আস্থা আছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা সংকটে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশের অর্থনীতিকে আমরা স্থিতিশীল রেখেছি। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ এবং মাথাপিছু আয় ২৫৯১ মার্কিন ডলার।’

সরকারপ্রধান বলেন, ‘আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকে আমরা ক্ষমতায় বলে মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। কমিউনিটি ক্লিনিক, আমার বাড়ি আমার খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সব সুযোগ-সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। দেশের কেউ গৃহহীন থাকবে না। শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে।’

এর আগে আজ সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)- এর সভায়  ৩৭ হাজার ৫০৭ কোটি ২২ লাখ টাকা ব্যয়ের ১১টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। একনেক চেয়ারপারসন শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন। 

নতুন অনুমোদিত ১১টি প্রকল্পে  সরকারি অর্থায়ন হবে ৩৬ হাজার ২৩ কোটি ৯১ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১ হাজার ৪৪৯ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৩ কোটি ৩৩ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পসমূহ হলো, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘মোংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের (কমফ্লোট ওয়েস্ট) অবকাঠামো উন্নয়ন প্রকল্প’, ‘চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহ (ত্রিশাল) মিলিটারি ফার্ম আধুনিকায়ন প্রকল্প’ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ (১ম সংশোধিত)’ প্রকল্প।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পগুলো হলো, ‘অগ্রাধিকারভিত্তিক বাংলাদেশের ১০টি শহরে সমন্বিত স্যানিটেশন ও হাইজিন (সমন্বিত কঠিন ও মানববর্জ্য ব্যবস্থাপনা) প্রকল্প, ঢাকা পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামত ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং ম্যাকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসনকরণ’ প্রকল্প এবং ‘গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)’ প্রকল্প;

সভায় অনুমোদন পেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প। এগুলো হলো, ‘ঢাকার আজিমপুরস্থ মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান’ প্রকল্প এবং ‘৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি (৪র্থ এইচপিএনএসপি) (১ম সংশোধিত)’ প্রকল্প।

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজির প্রাথমিক অবকাঠামো নির্মাণ’ এবং কৃষি মন্ত্রণালয়ের ‘স্মার্ট কৃষি কার্ড ও ডিজিটাল কৃষি (পাইলট)’ প্রকল্প অনুমোদন পেয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।