বাংলাদেশি জাহাজে রকেট হামলা: ইউক্রেনকে দুষল রাশিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i104720-বাংলাদেশি_জাহাজে_রকেট_হামলা_ইউক্রেনকে_দুষল_রাশিয়া
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের মাঝে ইউক্রেনের অলিভিয়া বন্দরে নোঙর করে রাখা বাংলাদেশি জাহাজ 'এমভি বাংলার সমৃদ্ধি' রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হবার পর ভিডিও বার্তা পাঠিয়ে উদ্ধারের আকুতি জানিয়েছেন জাহাজের নাবিকরা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০৩, ২০২২ ১৬:১১ Asia/Dhaka

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের মাঝে ইউক্রেনের অলিভিয়া বন্দরে নোঙর করে রাখা বাংলাদেশি জাহাজ 'এমভি বাংলার সমৃদ্ধি' রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হবার পর ভিডিও বার্তা পাঠিয়ে উদ্ধারের আকুতি জানিয়েছেন জাহাজের নাবিকরা।

গতকাল (বুধবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) জাহাজটিতে গোলা আঘাত হানে। এতে নিহত হন জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার বাংলাদেশি নাবিক হাদিসুর রহমান। তাঁর বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে।

রকেট হামলায় এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে আগুন ধরে যায়। শুরুতে নাবিকেরা আগুন নেভানোর চেষ্টা করেন। অলভিয়া বন্দর থেকে একটি টাগবোট এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। নাবিকদের চেষ্টায় জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসে। হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপে নিথর দেহ পড়ে ছিল হাদিসুর রহমানের।

এমভি বাংলার সমৃদ্ধি বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ। শিপিং করপোরেশন নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি সংস্থা। এ সংস্থার সাধারণ পণ্যবাহী জাহাজ বাংলার সমৃদ্ধি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে সেখানে রয়েছে। ওই দিন ভোরেই ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। জাহাজটিতে বাংলাদেশের ২৯ নাবিক ছিলেন। একজন মারা যাওয়ায় এখন সেখানে ২৮ জন নাবিক রয়েছেন।

ওই জাহাজে আতঙ্কের মাঝে অবস্থানরত নাবিকদের পাঠানো দুটি ভিডিও বার্তা  ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

২৭ সেকেন্ডের একটি ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে একজন নাবিক বলেন, ‘আমি বাংলার সমৃদ্ধির সেকেন্ড ইঞ্জিনিয়ার। আমাদের জাহাজে একটু আগে রকেট হামলা হয়েছে। একজন অলরেডি ডেড। আমাদের পাওয়ার সাপ্লাই নেই। ইমার্জেন্সি জেনারেটরে পাওয়ার সাপ্লাই চলছে। আমরা মৃত্যুর মুখে সম্মুখীন। আমাদের এখনো উদ্ধার করা হয়নি। দয়া করে আপনারা আমাদের বাঁচান। আমরা সবাই আছি এখানে। দেখেন।...আমাদের কোনো জায়গা থেকে সাহায্য আসেনি। আমাদের বাঁচান।’

আরেকজন নাবিক ফেসবুক মেসেঞ্জারে মাধ্যমে জানিয়েছেন, ‘আমরা জাহাজ থেকে নেমে যেতে চাই। কিন্তু বিএসসি আমাদের নামতে দিতে চায় না। আমাদের জীবনের কোনো মূল্যই নেই।’

নিহত থার্ড ইঞ্জিনিয়ার বাংলাদেশি নাবিক হাদিসুর রহমান

'নাবিকদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে'

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র নাবিকদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। বাংলাদেশি নাবিকদের উদ্ধার বা নিরাপদে সরিয়ে নিতে কূটনৈতিক পর্যায়ে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।'

প্রতিমন্ত্রী আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাহাজে ২৯ জন নাবিক ছিল। থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানকে হারিয়ে ফেলায় আমাদের ২৮ জন নাবিক আছে। নিহত হাদিসুরের মরদেহ আমাদের সংরক্ষণে আছে। তার মরদেহ দেশে ফেরত আনার বিষয়টি নির্ভর করছে যুদ্ধ পরিস্থিতির ওপর।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের নিরাপদে ফেরাতে সর্বোচ্চ চেষ্টায় আছি আমরা। কিন্তু যুদ্ধের মাঠে কোন কিছুই নিশ্চিত করে বলা যাবে না। আমাদের বাণিজ্যিক জাহাজ যুদ্ধে আক্রান্ত হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা তো হয়ে গেলাম। এই মুহূর্তে কূটনৈতিকভাবে যতটুকু কথা বলা দরকার, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করছি।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক পিযুষ দত্ত বলেন, 'হাদিসুরের লাশ কখন আসবে, কিভাবে আসবে তা বলতে পারব না এখন। তবে তার লাশ আমরা ফ্রিজে সংরক্ষণ করেছি। যারা এখন জাহাজে আছেন তাদের জাহাজেই থাকতে বলা হয়েছে। তাদের কিভাবে ফেরত আনা যায় তা নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মুহুর্তে নিশ্চিত করে কিছু বলা যাবে না।’

জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে দুষছে রাশিয়া

অলিভিয়া বন্দরের জলসীমায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজে হামলা ও একজন নিহত হওয়ার ঘটনায় ইউক্রেনকে দুষছে রাশিয়া। দেশটি নিহত বাংলাদেশির স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেনের জাতীয়তাবাদীরা পিছু হটার সময় লোকজনকে জিম্মি ও মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

ঢাকায় রাশিয়া দূতাবাসের ফেসবুক পেইজে আজ (বৃহস্পতিবার) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 'স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অলভিয়া বন্দরের (ইউক্রেন) অভ্যন্তরীণ নোঙ্গরঘরে অবস্থানরত বিএসসি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির তৃতীয় প্রকৌশলী বাংলাদেশি হাদিসুর রহমান ক্ষেপণাস্ত্র হামলার ফলে নিহত হয়েছেন। ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে। বন্দর থেকে বাংলাদেশি জাহাজের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাশিয়ান পক্ষ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।' 

রাশিয়া দূতাবাস আরো জানায়, 'তথ্য-উপাত্তের ভিত্তিতে রাশিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ড বারবার বলেছে, পিছু হটার সময় ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা নির্বিচারে গুলি চালায় এবং ইচ্ছাকৃতভাবে জিম্মিদের ধরে নিয়ে যায়। ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা তাদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করে। এটি তাদের সন্ত্রাসী কৌশল।'

রাশিয়া দূতাবাস বলেছে, ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান থেকে উদ্ভূত মানবিক সমস্যা সমাধান, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুরোধ গ্রহণ করতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হটলাইন (+৭ ৪৯৫ ৪৯৮-৩৪-৪৬, +৭ ৪৯৫ ৪৯৮-৪২ -১১, +৭ ৪৯৫ ৪৯৮-৪১-০৯) চালু করেছে। এ ছাড়া এ বিষয়ে ই-মেইলেও ([email protected]) যোগাযোগ করা যাবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।