খালেদা জিয়াকে গ্রেপ্তারের চিন্তা সরকারের নেই: নাসিম ও কাদের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের চিন্তা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় হোমিওপ্যাথিক কনভেনশনে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়াকে নাকি সরকার গ্রেফতার করতে চায়। না, আমরা কেন গ্রেফতার করতে চাইব? এটা আইন-আদালতের ব্যাপার। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। যদি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করতাম তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচারে ট্রাইব্যুনালে হতো। কিন্তু তা আমরা করিনি।
তিনি আরও বলেন, কোর্ট এবং বিচার ব্যবস্থা স্বাধীন, এখানে সরকারের হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই। তাই আপনাদেরকে বলতে চাই, আসুন রাজনীতি করলে একসাথে রাজনীতি করি, জ্বালাও-পোড়াও বন্ধ করেন, মানুষ হত্যা বন্ধ করেন।
এদিকে, সরকার খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্র করছে, বিএনপির এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খালেদা জিয়াকে গ্রেফতারে সরকারের কোনো রাজনৈতিক চিন্তা-ভাবনা নেই বলেও জানান তিনি।
আজ (শুক্রবার) সকালে গাজীপুরে বিআরটিসির বাস ডিপো পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে নিয়ে বিএনপির কয়েকজন নেতা বলছেন যে, সরকার তাকে গ্রেফতারের চক্রান্ত করছে। কিন্তু সরকারের একজন মন্ত্রী হিসেবে যতদূর জানি, তাকে গ্রেফতারে সরকার কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে চিন্তা-ভাবনা করছে না।
এ সময়, বিআরটিসি বাস ডিপো পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম পাওয়ায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে বিআরটিসির চেয়ারম্যানকে নির্দেশ দেন তিনি। সেইসঙ্গে বাস ডিপোর ম্যানেজারকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেন সড়ক পরিবহনমন্ত্রী। এছাড়া সালনা এলাকার অবৈধ লেগুনা উৎপাদন কারখানা বন্ধ এবং অবৈধ এসব যানবাহন সিল করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন তিনি।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/২৭