র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i105808-র_্যাবের_ওপর_মার্কিন_নিষেধাজ্ঞা_নিয়ে_প্রধানমন্ত্রী_এবং_পররাষ্ট্রমন্ত্রীর_প্রতিক্রিয়া
বাংলাদেশের আধা-সামরিক বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) –এর সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে এবার মুখ খুললেন খোদ প্রধান মন্ত্রী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৮, ২০২২ ১৪:০৪ Asia/Dhaka
  • র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

বাংলাদেশের আধা-সামরিক বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) –এর সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে এবার মুখ খুললেন খোদ প্রধান মন্ত্রী।

আজ সকালে র‍্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা মার্কিন যুক্ত রাষ্ট্রের এ নিষেধাজ্ঞাকে  “অত্যন্ত গর্হিত কাজ” বলে মন্তব্য করেছেন।

র‍্যাব সদর দফতরে আয়োজিত এ অনুষ্ঠানে নিজ সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তারা নিজেদের দেশে স্বীকৃত খুনিদের স্থান দেয়, আর বিনা অপরাধে আমাদের দেশে নিষেধাজ্ঞা দেয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ অপরাধে জড়ালে সরকারের পক্ষ থেকে শাস্তির বিধান নিশ্চিত করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে- যারা আমাদের বিনা কারণে, বিনা দোষে র‍্যাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে, তাদের দেশে কিন্তু এ ধরনের অপরাধ করলে, কোনও বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না।

শেখ হাসিনা  বলেন, ‘আমি স্পষ্ট বলি, আমেরিকায় কিন্তু আপনারা দেখেছেন, সেখানে বাচ্চা ছেলে, পকেটে হাত দিয়েছে, তাকে গুলি করে মারলো। রাস্তায় ফেলে পা দিয়ে গলা চেপে ধরে (জর্জ ফ্লয়েড) মেরে ফেলে দিলো। সেখানে কিন্তু এই ধরনের অপরাধ কেউ করলে..., অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষার নামে কেউ অপরাধ করলেও শাস্তি দেওয়া হয় না। কিন্তু পৃথিবীতে বাংলাদেশ একমাত্র দেশ, এখানে কেউ অপরাধ করলে, আমরা শাস্তির বিধান করি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘সব থেকে দুঃখজনক হলো, আমাদের দেশের কিছু মানুষ বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালায়। আর যারা বিদেশে বসে অপপ্রচার চালাচ্ছে, তারা কিন্তু অপরাধী। তারা কোনও না কোনও দোষে হয়তো চাকরি হারিয়েছে বা দেশ ছেড়েছে।

এর আগে গত ২৬ জানুয়ারি জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, কিছু স্বার্থান্বেষী মহল মার্কিন যুক্তরাষ্ট্রেকে মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করে র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করিয়েছে। তিনি আশ্বস্ত করে বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিরুদ্ধে দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আলোচনার মাধ্যমে প্রত্যাহার হবে।   

এদিকে, আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী দেশ ও জাতির উন্নয়নে র‍্যাবের  অবদানের প্রশংশা করে বলেছেন, আপনাদের অবদান অপরিসীম। কারণ দেশের আইনশৃঙ্খলা যদি সুস্থির না থাকে। সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত না থাকে। তাহলে দেশের উন্নয়ন করা সম্ভব হয় না। সকলের প্রচেষ্টায় দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি বলেই আজকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী  আশা প্রকাশ করে  বলেন,  র‍্যাবের  সদস্যরা আইন কানুন মেনে, জনগণের সেবক হিসাবে তাদের ওপর  অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। #

 

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার /২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।