গণতান্ত্রিক বাম জোটের হরতাল: পুলিশের লাঠিপেটা, যুবলীগের পাল্টা কর্মসূচি
https://parstoday.ir/bn/news/bangladesh-i105814-গণতান্ত্রিক_বাম_জোটের_হরতাল_পুলিশের_লাঠিপেটা_যুবলীগের_পাল্টা_কর্মসূচি
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম জোটের ডাকা হরতাল পালনকালে আজ রাজধানীর পুরানা পল্টন এলাকায় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৮, ২০২২ ১৪:৪৬ Asia/Dhaka
  • গণতান্ত্রিক বাম জোটের হরতাল: পুলিশের লাঠিপেটা, যুবলীগের পাল্টা কর্মসূচি

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম জোটের ডাকা হরতাল পালনকালে আজ রাজধানীর পুরানা পল্টন এলাকায় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

হরতালের সমর্থনে রাজধানীর পল্টনে ভোর ৬টার দিকে মিছিল বের করেন সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। পরে তারা পল্টন মোড়ে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ।

হরতাল চলাকালে বেলা ১১টার দিকে পল্টনে নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ সময়  বাম জোটের নেতাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হরতাল সমর্থকদের ওপর পুলিশ জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষে আহত বাম জোটের একজন কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এই হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার বিকাল ৪টায় দেশব্যাপী এই কর্মসূচি পালন করবে বলে জানান নেতারা।

বাম জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, ভোর ছয়টা থেকে আমাদের নেতাকর্মীরা রাজপথে আছে। মানুষের ব্যাপক সমর্থন নিয়ে এই হরতাল সফল হচ্ছে। মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই হরতাল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঢাকাসহ দেশের কমপক্ষে ২০টি জেলায় ইতিমধ্যে আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। হামলা করা হয়েছে।

তিনি বলেন, আমরা গতকাল আশঙ্কা ব্যক্ত করে বলেছিলাম সরকার যদি কোন উস্কানি তৈরি না করে, সহিংসতার পথে না যায় তাহলে শান্তিপূর্ণভাবে হরতালকে আমরা সফল করব। তবে সরকারের দমন করে শাসনের যে কৌশল নীতি সেটা তারা গ্রহণ করেছে। নানা জায়গায় তারা হামলা আক্রমণ করেছে। এটাকে মোকাবেলা করেই আমাদের নেতাকর্মীরা তারা রাজপথে রয়েছে।

যুবলীগের পাল্টা কর্মসূচি

ঢাকা মহানগরীতে বাম জোটের ডাকা অর্ধবেলা হরতালের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে যুবলীগ। সোমবার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় জড়ো হয়ে যুবলীগ নেতা-কর্মীরা হরতাল বিরোধী শ্লোগান দেয়।

এ সময় যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, যখনই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ ঠিক তখনই জামাত-বিএনপির দোসর বাম ঐক্যজোট এই অবৈধ হরতালের ডাক দিয়েছে। কিন্তু এদেশের মানুষ আর হরতাল মানে না।

রাজধানীর কোথাও হরতালের চিহ্ন নাই উল্লেখ করে তিনি আরও বলেন, বিদেশি প্রভুদের খুশি করতে তাদের হরতালের ডাক। হরতালের নামে যদি কোথাও কোন নৈরাজ্যের সৃষ্টি হয় তার দাঁতভাঙা জবাব দিবে যুবলীগ। হরতাল ডাকা যদি তাদের গণতান্ত্রিক অধিকার হয়, তাহলে রাস্তায় বের হওয়াও জনগণের অধিকার। জনগণের অধিকার রক্ষায় যুবলীগ সবসময় রাজপথে  থাকবে বলেও  হুঁশিয়ারি দেন তিনি।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার /২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।