আশা করব আগামী এক মাস অন্তত বিএনপির মিথ্যাচারটা বন্ধ থাকবে: হাছান মাহমুদ
বিএনপির আন্দোলনের ডাক মিথ্যাবাদী রাখাল ও বাঘের কাহিনীর মতো: কাদের
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, বিএনপির আন্দোলনের ডাক মিথ্যাবাদী রাখাল ও বাঘের শিশুতোষ গল্পের কাহিনীর মতো, দুরভিসন্ধিমূলক ফাঁকা আওয়াজ ।
বিএনপি একেক সময় একেক কথা বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা কখনো নিরপেক্ষ সরকার, কখনো নির্বাচনকালীন সরকার এখন আবার বিএনপি নেতাদের জাতীয় সরকারের ভূত মাথায় ঢুকেছে। আসলে বিএনপি কী চায় তা নিজেরাও জানে না।
আজ শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সদস্য সংগ্রহ বই বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন ও নির্বাচনের ব্যর্থতা থেকেও বিএনপি শিক্ষা নিতে পারেনি। মিথ্যাচার আর বিভ্রান্তি সৃষ্টি না করে জনগণের কাছে প্রকৃত সত্য তুলে ধরতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।
তিনি বিএনপি নেতাদের প্রশ্ন করেন, বিএনপি যে কথায় কথায় গণ-অভ্যুত্থানের স্বপ্ন দেখে তাতে বিএনপির কে নেতৃত্ব দেবে? বিএনপি যাকে আন্দোলনের নেতা বলছে সে তো দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছে। জনগণ সেই ব্যক্তিকে ফিরিয়ে আনতে কেন গণ-অভ্যুত্থান করবে?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, এদিক-ওদিক না ঘুরে নির্বাচনের প্রস্তুতি নিন। অনেক ষড়যন্ত্র করেও এক যুগেরও বেশি সময় ধরে কোনো লাভ হয়নি। বাকি সময়েও লাভ হওয়ার সম্ভাবনা নেই।
সময় ও স্রোত যেমন কারে জন্য অপেক্ষা করে না তেমনি নির্বাচনও বিএনপির জন্য অপেক্ষা করবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও একইভাবে যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে।
ওদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আশা করব আগামী এক মাস অন্তত বিএনপির মিথ্যাচারটা বন্ধ থাকবে। আজ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সদ্য-প্রয়াত বিশিষ্ট আবৃত্তিশিল্পী হাসান আরিফের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, 'দ্রব্যমূল্য কমে আসা শুরু হয়েছে। সরকার এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছে, এতে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। আর এর ফলে বিএনপির অস্বস্তি ও অস্থিরতা দুই-ই বেড়ে গেছে। এ কারণেই তাদের নেতারা উদভ্রান্তের মতো কথা বলছেন। '#
পার্সটুডে/এআরকে/২