নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী রাতভর সংঘর্ষ, ঢাকা কলেজে ক্লাস-পরীক্ষা স্থগিত
https://parstoday.ir/bn/news/bangladesh-i106852-নিউমার্কেটে_ব্যবসায়ী_শিক্ষার্থী_রাতভর_সংঘর্ষ_ঢাকা_কলেজে_ক্লাস_পরীক্ষা_স্থগিত
বাংলাদেশের রাজধানীর নিউমার্কেট ও আশপাশের এলাকার ব্যবসায়ীদের রাতভর সংঘর্ষের পর অনিবার্য কারণ দেখিয়ে আজ (মঙ্গলবার) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৯, ২০২২ ০৭:২১ Asia/Dhaka
  • নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী রাতভর সংঘর্ষ, ঢাকা কলেজে ক্লাস-পরীক্ষা স্থগিত

বাংলাদেশের রাজধানীর নিউমার্কেট ও আশপাশের এলাকার ব্যবসায়ীদের রাতভর সংঘর্ষের পর অনিবার্য কারণ দেখিয়ে আজ (মঙ্গলবার) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ।

কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল (সোমবার) দিবাগত রাতে এ ঘোষণা দেওয়া হয়। ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, “অনিবার্য কারণে ১৯ এপ্রিল ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হলো। শিক্ষকদের ১৯ এপ্রিল সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।”

এর আগে, সোমবার দিবাগত মাঝরাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। আড়াই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে’ পুলিশ ছুড়েছে রাবার বুলেট ও টিয়ার শেল। সংঘর্ষে ঢাকা কলেজের একাধিক শিক্ষার্থী, ব্যবসায়ী ও পুলিশ আহত হয়েছেন বলে বিভিন্নসূত্রের দাবি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে শিক্ষার্থীদের চিকিৎসা।

গতকাল সোমবার দিনগত রাত ১২টার দিকে শুরু হওয়া সংঘর্ষ আড়াই ঘণ্টার ব্যবধানে নিয়ন্ত্রণে এলেও বর্তমান পরিস্থিতি থমথমে।  

সরেজমিনে দেখা গেছে, সংঘর্ষের পর ঢাকা কলেজের শিক্ষার্থীদের বড় একটি অংশ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন। ক্যাম্পাসের উল্টো দিকের তেলপাম্পের সামনে লাঠি, রড, স্ট্যাম্পসহ অবস্থান নিয়েছেন অনেকে। কলেজের ছাদে অবস্থান নিয়ে পুলিশ ও ব্যবসায়ীদের দিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা গেছে অনেককে।

শিক্ষার্থীদের দাবি পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়েছে। এর প্রতিবাদে কলেজের ভেতরে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

এদিকে রাত আড়াইটার দিকে সংঘর্ষে আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় বলে দাবি করেছেন কয়েক শিক্ষার্থী। তাঁরা আহতদের নাম জানান—মোশাররফ হাজারি (২৪) ও রজব ইসলাম (২৭)।

ঢাকা কলেজ ও নিউমার্কেটের মধ্যবর্তী সড়কের বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড দিয়েছে রেখেছে। পুরো রাস্তাজুড়ে ইটের টুকরা ও কাঁচ ভাঙা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

এদিকে, নুরজাহান ও ধানমণ্ডি হকার্স মার্কেটের ভেতরে অবস্থান করছেন ব্যবসায়ীরা। সংঘর্ষের সময় রাস্তার দুই পাশে রাখা একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। সেগুলো জ্বলতে দেখা যায়। তবে, মোটরসাইকেলে অগ্নিসংযোগকারীদের বিষয়ে জানা যায়নি।

সংঘর্ষে একাধিক পুলিশের সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশীদ। তবে প্রাথমিকভাবে কতজন আহত হয়েছেন, তা এখনই বলা সম্ভব হচ্ছে না।

এডিসি হারুন অর রশীদ উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, ‘সংঘর্ষ শুরুর পরপরই আমরা ঘটনাস্থলে আসি। সেসময় শিক্ষার্থী ও ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থানে ছিলেন। দুপক্ষই ইটপাটকেল ছুড়ছেন। আড়াই ঘণ্টা পর উভয়পক্ষকে শান্ত করা সম্ভব হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে গেছেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরে গেছেন।’

হারুন অর রশীদ বলেন, ‘শিক্ষার্থীরা পুলিশের ওপরে ইটপাটকেল নিক্ষেপ করেছেন। নিরাপদ অবস্থানে থেকে তাঁদেরকে নিবৃত্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।’

এ ঘটনায় মামলা হবে কি না, জানতে চাইলে এডিসি হারুন অর রশীদ বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এবং ঘটনার সূত্রপাত বিশ্লেষণের পর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও কিছু যানবাহন ও কয়েকটি দোকানে আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হলে এবং তাঁরা যদি অভিযোগ করেন অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শিক্ষার্থীদের দাবি, ঢাকা কলেজের মাস্টার্সের দুই শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে, এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকায় যান ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। পরে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।