ঈদে দেশব্যাপী বিভিন্ন কারণে প্রাণহানি ১৮ জনের
https://parstoday.ir/bn/news/bangladesh-i107510-ঈদে_দেশব্যাপী_বিভিন্ন_কারণে_প্রাণহানি_১৮_জনের
এবারের ঈদ-উল ফিতরের  উৎসবের মাঝে গত দু’দিনে  দেশের বিভিন্ন জেলায়  সড়ক দুর্ঘটনা, বজ্রাপাত, শত্রুতামুলক হত্যা এবং  আত্মহত্যাজনিত  অপমৃত্যু কারনে  অন্তত  ১৮ জনের  প্রাণহানি ঘটেছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন  অন্ততঃ ৯ জন। এ ছাড়া বজ্রপাত, পানিতে ডুবি এবং  অত্মহত্যাজনিত সহ অপমৃত্যুর শিকার হয়েছেন  আরো ছ’জন।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
মে ০৪, ২০২২ ২১:১৫ Asia/Dhaka
  • (ফাইল ফটো)
    (ফাইল ফটো)

এবারের ঈদ-উল ফিতরের  উৎসবের মাঝে গত দু’দিনে  দেশের বিভিন্ন জেলায়  সড়ক দুর্ঘটনা, বজ্রাপাত, শত্রুতামুলক হত্যা এবং  আত্মহত্যাজনিত  অপমৃত্যু কারনে  অন্তত  ১৮ জনের  প্রাণহানি ঘটেছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন  অন্ততঃ ৯ জন। এ ছাড়া বজ্রপাত, পানিতে ডুবি এবং  অত্মহত্যাজনিত সহ অপমৃত্যুর শিকার হয়েছেন  আরো ছ’জন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বুধবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় যাত্রীবাহী একটি বাস উল্টে ২ যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন।  নিহতরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার মোজাফপাড়া এলাকার স্বপন আশ্চার্যের ছেলে শান্ত আশ্চার্য (২৩) ও কুমিল্লার রায়পুর উপজেলার ফয়সাল হোসেন (২২)। এ দুর্ঘটনায় মোস্তফা নামের আরও এক ব্যক্তি গুরতর আহত হয়েছেন।

আজ সকালে কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে শারমিন আক্তার রিমা (২৩) নামে এক নারী পর্যটক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন।

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বুধবার সকাল পৌনে দশটার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩৫ জন। এদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।  এদের মধ্যে গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কুষ্টিয়ার খোকসায় আজ বুধবার দুপুর ২টার দিকে পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত দুই ভাই হলেন পাংশা উপজেলার ফলীখারা এলাকার রেজাউল মণ্ডলের ছেলে ফিরোজ মণ্ডল (৩২) ও তার ছোট ভাই সামিউল মণ্ডল (১২) ।

বুধবার (৪ মে) ভোরে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে থ্রি হুইলার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের আরেক বন্ধু।

বুধবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাওন খান নামে একজন নিহত হয়েছেন।

বুধবার (৪ মে) সকালে উজেলার লক্ষ্যারচর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এন শামীম পরিবহন নামের বাসটি উল্টে সড়ক থেকে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় যাত্রীবাহী বাসচাপায় জাহানারা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তানিম (১০) নামে এক শিশু নিহত হয়েছে। ত্রিশাল থানার উপপরিদর্শক মতিউর রহমান জানান, বৈশাখী তানজিম পরিবহনের পেছনের চাকা ব্লাস্ট হয়ে  চাকার ঠিক  ওপরের সিটে বসে থাকা ১০ বছরের শিশুটি জানালা দিয়ে ছিটকে পড়ে মর্মান্তিক ভাবে নিহত হয়।

এদিকে, বগুড়ায় ‘সম্পত্তির লোভে’  আব্দুর রাজ্জাক সরকার (৬৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে ও হত্যা করেছে একদল সন্ত্রাসী। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বগুড়া সদর উপজেলার মহিষবাথান বাজারে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ঘটনার সময় তিনি মায়ের কবর জিয়ারত করে ফিরছিলেন। হামলার  প্রাণ বাঁচাতে নিহত ব্যবসায়ী নিজের লাইসেন্স করা পিস্তল থেকে গুলিও ছোড়েন। এ সময় সময় তাকে বাঁচাতে গ্রামবাসী এগিয়ে আস্লেও  শেষ রক্ষা হয়নি।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর পুলিশ সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হুদা (৩২) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।

খুলনার তেরখাদায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আজ  বুধবার বাবুল শেখ (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বাবুল শেখের সঙ্গে তার চাচাতো ভাই মুকুলের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে তর্ক-বিতর্কের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাবুলের মাথায় আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে  তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে চাঁদপুরে বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মে) সকালে পৌর এলাকার ফরিদগঞ্জে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

জানা গেছে, চাঁদপুরের ফরিদগঞ্জের ওয়ালী ডাক্তার বাড়িতে মৃত বিল্লাল হোসেনের বড় ছেলে তারেকুল ইসলাম রুবেল (২৬) সকালে নিজ বাড়ির পশ্চিম পাশে নিজের মাছের ঘের দেখতে যান, সেখান থেকে তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি বাগানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রুবেলকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় তার ছোট ভাই সোহেল হোসেন (২৪) অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের সালথায় বজ্রাঘাতে রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিণ গোপালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাকিবুল ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।  ঈদের ছুটিতে বাড়ি এসে আজ  সকালে বৃষ্টির মধ্যে গোয়ালঘরে গরু দেখতে যাওয়ার সময় আকস্মিক  বজ্রপাত ঘটনাস্থলেই তার  মৃত্যু হয়।

নারায়ণগঞ্জের বন্দরের বাগবাড়ী এলাকায় পুলিশের ধাওয়ায় ডোবায় পড়ে নিখোঁজের চার দিব পর  আজ  বুধবার (৪ মে) দুপুরে গেঞ্জি কারখানার মালিক নিলয় আহমেদ বাবু (৩০ লাশ উদ্ধার করেছে পুলিশ ।  এই ঘটনায় অভিযুক্ত বন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে।

নোয়াখালীর চাটখিলের মল্লিকা দিঘীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়েছেন  উপ কর কমিশনার (ঢাকা) ওমর ফারুক মাসুম   বুধবার (৪ মে) দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মল্লিকা এলাকায় এ ঘটনা ঘটে। তার সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে।

নওগাঁর সাপাহারে বুধবার সকালে   কুলসুম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কুলসুম উপজেলার ভাতকাড়া গ্রামের আবু হানিফের স্ত্রী।

মামলার বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দিবাগত রাতে স্বামী-স্ত্রী ও ১৩ মাসের সন্তান নিয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন কুলসুম। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শিশুর কান্নাকাটিতে স্বামী আবু হানিফের ঘুম ভেঙে যায়। কিন্তু সেসময় পাশে স্ত্রীকে না পেয়ে আলো জ্বালিয়ে দেখেন ঘরের সিলিংয়ের সঙ্গে তার স্ত্রী কুলসুম ঝুলে আছেন। এ সময় আবু হানিফ চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসে। স্থানীয় ইউপি সদস্য ঘটনাটি থানা পুলিশকে অবগত করেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।