চালের বাজারে অস্থিরতা: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i108744-চালের_বাজারে_অস্থিরতা_বিভিন্ন_মহলের_প্রতিক্রিয়া
চালের বাজারে অস্থিরতা চলছে। ক্ষুব্ধ এবং দিশেহা্রা ক্রেতা সাধারন। বাজার নিয়ন্ত্রনে মাঠে নেমেছে খাদ্য মন্ত্রনালয়, ভোক্তা অধিকার সংস্থা এবং জেলা প্রশাসন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০২, ২০২২ ১৭:১৩ Asia/Dhaka

চালের বাজারে অস্থিরতা চলছে। ক্ষুব্ধ এবং দিশেহা্রা ক্রেতা সাধারন। বাজার নিয়ন্ত্রনে মাঠে নেমেছে খাদ্য মন্ত্রনালয়, ভোক্তা অধিকার সংস্থা এবং জেলা প্রশাসন।

এ অবস্থায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, একটি মহল খাদ্য ঘাটতির বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তবে বাংলাদেশে খাদ্য ঘাটতির আশঙ্কা নেই। মজুতদারির বিরুদ্ধে অভিযান চলছে। এ অভিযান আরও জোরালো হবে। বাজার অস্থির করতে দেওয়া হবে না। প্রয়োজনে ট্যাক্স কমিয়ে চাল আমদানি করা হবে।

আজ বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী ‘বোরো ২০২২ মৌসুমে অভ্যন্তরীণ সংগ্রহ ও বাজার মনিটরিংসংক্রান্ত অনলাইন মতবিনিময় সভায়’ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। মন্ত্রী বলেন, কেউ যেন লাইসেন্স ছাড়া ব্যবসা না করতে পারে, অবৈধ মজুত করতে না পারে তা নিশ্চিত করতে হবে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে প্রয়োজনে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

মন্ত্রী জানান, বড় বড় করপোরেট হাউস ধান চাল সংগ্রহ করছে। এসব প্রতিষ্ঠানের নিজস্ব মিল না থাকলে তারা যেন এ ব্যবসায় যুক্ত না হতে পারে সেটা নিশ্চিতে ধান চালের বাজারে নজরদারি বাড়াতে প্রশাসনকে নির্দেশনা দেন তিনি। বাজারের দোকানীরাও দায়ি করেছেন বড় বড় করপোরেট হাউসকে। তবে বাজারে চালের মুল্যবৃদ্ধির জন্য প্যাকেটজাত সরু চালের ক্রেতাদেরকেই দায়ী করেছেন বানিজা মন্ত্রী টিপু মুনশি। আজ সচিবালয়ে  এক সংবাদ সম্মেলনে  বানিজ্যমন্ত্রী আশ্বাস দেন,  ভোজ্য তেলের মুল্য আর বাড়বে না। ওদিকে, দুদিনের ভারত সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন  বলেছেন, ভারতে গম রপ্তানীর ওপর নিষেধাজ্ঞা থাকলেও  বাংলাদেশ সেখান থেকে গম আমদানী করতে  পারবে।

সরকারের কারসাজিতে চালের দাম বর্তমানে ঊর্ধ্বমুখী: বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকারের কারসাজিতে চালের দাম বর্তমানে ঊর্ধ্বমুখী। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ছাত্রদল নেতা সাহাবুদ্দিন সিহাবের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এটা নতুন নয়- ১৯৭৪ সালে আওয়ামী লীগের সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে দুর্ভিক্ষ হয়েছিল। খাদ্য সংকটের কারণে নয়। একইভাবে এখন খাদ্যশস্য জিম্মি করে সেটাকে অন্যায় ভাবে দাম বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরি করে সরকার জনগণের ভোগান্তি সৃষ্টি করছে। সরকারের সমস্যা হলো-তারা সবকিছুর মধ্যে অবৈধ প্রফিট করতে চায়। খাদ্যকে জিম্মি করে তারা অবৈধ প্রফিট করতে চায়, অবৈধভাবে মুনাফা করতে চায়। রিকশাচালকরা একটা কলা, একটা বনরুটি পাউরুটি খায়, সেগুলোর দাম এখন ডাবল তিনগুণ করা হয়েছে। সরকারের  কারসাজিতেই  সব খাদ্য পন্যের দাম বেড়ে গেছে। #

 

পার্সটুডে/ আব্দুুর রহমান খান/ বাবুল আখতার/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।