টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও গণধর্ষণের মামলার মূলহোতা গ্রেপ্তার
-
ডাকাতি ও ধর্ষণের ঘটনায় রাজা মিয়া (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
টাঙ্গাইলের মধুপুরে মঙ্গলবার যাত্রীবাহী নৈশ কোচে ডাকাতি ও গণধর্ষণের মামলায় মূলহোতা রাজা মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজা মিয়া কালিহাতী উপজেলার বল্লা গ্রামের হারুন অর রশিদের ছেলে। সে পেশায় একজন বাস চালক। টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো।
পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের একটি নৈশ কোচ ২৪/২৫ জন যাত্রী নিয়ে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। বাসটি সিরাজগঞ্জ পৌছালে যাত্রীবেশে ১২/১৩ জনের ডাকাতদল ওই বাসে ওঠে ।
এরপর বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ডাকাতদল সেটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এ সময় বাসে থাকা সকল যাত্রীর হাত, পা ও চোঁখ বেঁধে মারধর ও লুটপাট করে। একপর্যায়ে এক নারী যাত্রীকে ডাকাতদলের ৬ জন সদস্য পালাক্রমে গণধর্ষণ করে। বুধবার ভোর সাড়ে তিনটার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের পাশে বাসটি বালুর ডিবির মধ্যে উল্টিয়ে ফেলে ডাকাত দল পালিয়ে যায়।
স্থানীয় গ্রামবাসীদের কাছ খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে মধুপুর থানায় অজ্ঞাতনামা ১২/১৩ জনের নামে মামলা দায়ের করেছেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৪