ধর্ষণ-খুনের ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে: জামায়াত আমির
-
ডা. শফিকুর রহমান
বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকায় ছয় বছর বয়সি শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারীবাগে স্কুলছাত্রীকে হত্যা— এ ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে।
আজ (শুক্রবার) নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনিএসব মন্তব্য করেন। পোস্টে জামায়াতে ইসলামীর আমির বলেন, এসব ঘটনায় আমরা নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ক্ষেত্রবিশেষে প্রশাসনের চরম শৈথিল্য লক্ষ করছি। অপরাধীর বিচার নিশ্চিত করার বদলে ধর্ষকের রক্ষক হয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকাছাড়া করতে চাওয়ার মতো মৌলিক মানবাধিকার লঙ্ঘনের দুঃসাহস ক্ষমতায় মত্ত একটি দলের নেতারা কীভাবে দেখাতে পারেন?
ডা. শফিকুর রহমান বলেন, শিশু তাহিয়া হত্যার পর কার বা কাদের ইশারায় একে ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো? কারা এখন সেই মামলা তুলে নেওয়ার জন্য পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে? এরা কারা এবং তাদের উদ্দেশ্য কী, জনগণের কাছে আজ তা স্পষ্ট। দলীয় পদবি ও ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিতদের দমিয়ে রাখা এবং নিপীড়কদের রক্ষা করা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না।
তিনি বলেন, ‘আমাদের কথা সুস্পষ্ট, ইনসাফের প্রশ্নে কোনো আপস চলবে না। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।’
এদিকে, নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যার মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি। কিশোরীকে ধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যা মানবতা, নৈতিকতা ও আইনের শাসনের ওপর চরম আঘাত।
তিনি বলেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ বা আপস-মীমাংসার সুযোগ থাকতে পারে না। ধর্ষকরা বিএনপি অথবা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা আরও বড় অপরাধ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে এবং অপরাধীরা আরও উৎসাহিত হবে।
তিনি দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নরসিংদীর এই ধর্ষণ ও হত্যা মামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারপূর্বক অতি দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন।#
পার্সটুডে/এমএআর/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।