উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতার ধারা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i113232-উভয়_দেশের_জনগণের_কল্যাণে_সহযোগিতার_ধারা_অব্যাহত_থাকবে_প্রধানমন্ত্রী
বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ভারত প্রসঙ্গে বলেছেন, কোভিড মহামারির প্রেক্ষিতে দীর্ঘ তিন বছর বিরতির পর তার এই সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১৩:৪৭ Asia/Dhaka
  • বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ভারত প্রসঙ্গে বলেছেন, কোভিড মহামারির প্রেক্ষিতে দীর্ঘ তিন বছর বিরতির পর তার এই সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রী গণভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, সবমিলিয়ে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এ সফরের মাধ্যমে দুই দেশের একসঙ্গে নতুনভাবে এগিয়ে চলার গতি সঞ্চার হয়েছে।

প্রধানমন্ত্রী সন্তুষ্টির সাথে উল্লেখ করেন, ‘সফরের পুরো সময় জুড়ে আমরা ভারতের আন্তরিকতার বহিঃপ্রকাশ ও সৎ প্রতিবেশী হিসেবে সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে দু’দেশের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার লক্ষ্য করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় নেতৃত্বের শীর্ষ পর্যায়ে, সংবাদ মাধ্যমে এবং সাধারণ মানুষের মধ্যে আমি বাংলাদেশের জন্য যে প্রীতি ও সৌহার্দ্য লক্ষ্য করেছি তা সত্যিই অসাধারণ। এই প্রীতির সম্পর্ককে সুসংহত করে আমরা আরও এগিয়ে যেতে চাই।

এই সফরে সহযোগিতার যে সকল ক্ষেত্র চিহ্নিত হয়েছে এবং বিদ্যমান সমস্যা সমাধানে যেসব সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়ন করলে উভয় দেশের জনগণ উপকৃত হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, উভয় দেশের জনগণের কল্যাণে এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে এবং বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়া অচিরেই একটি সমৃদ্ধশালী অঞ্চলে পরিণত হবে বলে জানান প্রধানমন্ত্রী।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।