নির্বাচন কমিশন রোডম্যাপ প্রকাশ করেছে: বিএনপির প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i113238-নির্বাচন_কমিশন_রোডম্যাপ_প্রকাশ_করেছে_বিএনপির_প্রতিক্রিয়া
আগামি ২০২৩ সালের ডিসেম্বরের শেষে অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন (ইসি) তাদের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রকাশ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১৪:০০ Asia/Dhaka
  • নির্বাচন কমিশন রোডম্যাপ প্রকাশ করেছে: বিএনপির প্রতিক্রিয়া

আগামি ২০২৩ সালের ডিসেম্বরের শেষে অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন (ইসি) তাদের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রকাশ করেছে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে ছাড়াই এ কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন করেছে নির্বাচন কমিশন। সিইসি অসুস্থতার কারণে এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি  বলে  জানিয়েছেন অনুষ্ঠানে প্রধান অতিথি  নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান ।

এ কর্মপরিকল্পনায় নির্বাচনের লক্ষ্য থেকে শুরু করে নানা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে, প্রধান বিরধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বর্তমান কমিশনের বৈধ্যতা নেই, তাঁদের দেওয়া নির্বাচনি রোডম্যাপ মানে না বিএনপি।’

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা টিকিয়ে রাখতে কাজ করছে। তবে জনগণ ফুঁসে উঠছে, সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন চলবে।’

অপরদিকে, ক্ষমতাশীন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলনের রূপরেখা তৈরি করবে কিন্তু তাদের আন্দোলনের নেতা কে। আসলে বিএনপির আন্দোলনেরও নেতা নেই, নির্বাচনেও নেতা নেই।’

আজ বুধবার ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মত বাংলাদেশেও যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। তত্তাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে লাভ নেই, তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপির সব বিষোদগার আর অপপ্রচারের জবাব দেওয়া হবে শেখ হাসিনা সরকারের উন্নয়নের মাধ্যমে। আজকে বিএনপি শেখ হাসিনার জনপ্রিয়তাকে ভয় পায়, তাই তারা এখন নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি যদি আবারও আন্দোলনের নামে আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নামে তাহলে জনগণকে নিয়ে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে। আওয়ামী লীগ কখনো আক্রমণ করবে না; যতক্ষণ পর্যন্ত না আক্রান্ত হয়। তবে আক্রান্ত হলে এর জবাব দিতে প্রস্তুত।’#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।