এই মুহূর্তে পল্টনে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নেই: পুলিশ
১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি। সেই সমাবেশ শান্তিপূর্ণ করার দায়িত্ব সরকারের। অন্যথায়,এর সকল দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে বলে ঘোষনা দেন দলটির মহাসচিব।
আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিমেন্টের ব্যাগে করে বোমা নিয়ে গিয়ে বিএনপির কার্যালয়ে রেখে এসেছে। পরে তারা বিএনপির কার্যালয় থেকে বোমা উদ্ধারের নামে নাটক করেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। ফখরুল বলেন, বিএনপির কার্যালয় থেকে দলের সদস্যদের দেওয়া মাসিক চাঁদা ও ব্যাংকের চেক বই নিয়ে গেছে পুলিশ। কার্যালয়ের বিভিন্ন কক্ষের দরজা ভেঙে ফেলারও অভিযোগ করেন তিনি।
এর আগে সকালে আদালতে হাজিরা দিয়ে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যেতে চাইলে দলটির মহাসচিবকে আটকে দেয় পুলিশ। তখন মির্জা ফখরুলের সঙ্গে বাদানুবাদ হয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে। তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, পল্টনে এই মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত এই এলাকা পরিপূর্ণ নিরাপদ মনে না হবে ততক্ষণ পর্যন্ত এখানে যান চলাচল, জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। এদিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় গতকালকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও বিস্ফোরক রাখার অপরাধে মামলাটি দায়ের করেছে।
ঐ মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৪৩৯ জন নেতাকর্মীকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।#
পার্সটুডে/নিলয় রহমান/বাবুল আখতার/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।