বিএনপির নিখোঁজ নেতা সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন ন বছরে আগে থেকে নিঁখোজ রয়েছে। আজ বুধবার তার বাসায় গেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
বুধবার সকাল ৯টা ৫ মিনিটে সুমনের রাজধানীর শাহীনবাগের বাসায় যান রাষ্ট্রদূত। প্রায় ২৫ মিনিট তিনি সেখানে অবস্থান করেন। এরপর রাষ্ট্রদূত ওই বাসা থেকে বেরিয়ে যান। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি রাষ্ট্রদূত, আর সুমনের পরিবার থেকেও সাংবাদিকদের কিছুই বলা হয়নি। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্র দফতরের বাংলাদেশ ডেস্কের অফিসার লিকা জনসন।
পরিবারের অভিযোগ, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ঢাকার একটি আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন সুমন। সেদিন তার সঙ্গে ছিলেন আরও পাঁচজন। নিখোঁজের কিছুক্ষণ পরই খবর পায় পরিবার। এরপর এখন পর্যন্ত সুমনের কোন সন্ধান মেলেনি।উল্লেখ্য, সাজেদুল ইসলাম সুমন ঢাকা মহানগর ৩৮ নং ওয়ার্ড বর্তমান ২৫নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে, ৪৫ বছর আগের গুমের ঘটনার আন্তর্জাতিক তদন্ত চেয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কাছে স্মারকলিপি দিয়েছে ‘মায়ের কান্না’ নামে একটি সংগঠন। বুধবার সকালে রাজধানীর শাহীনবাগে একটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত বেরিয়ে যাওয়ার সময় স্মারকলিপি দেয় সংগঠনটি।#
পার্সটুডে/ নিলয় রহমান/এমবিএ /১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।