বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্তের চেষ্টা করছে আওয়ামী লীগ: আমীর খসরু
-
বক্তব্য রাখছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ স্বতন্ত্র রাজনৈতিক কর্মসূচি দিয়ে জনগণকে আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি বলেন, দলটির জনসমর্থন কমতে শুরু করায় আর রাজনৈতিক দৈন্যতায় তারা বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি এবং অবৈধ সংসদ বাতিলসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের ভূমিকা দেখলে মনে হয়, তারা আজকে বিরোধী দল হয়ে গেছে। বিএনপি কর্মসূচি দিচ্ছে, প্রতিবাদে তারাও পাল্টা শান্তি কর্মসূচি দিচ্ছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করা চলবে না। লাখো জনতা প্রমাণ করেছে, গুলি করে, হত্যা করে, গ্রেফতার করে, মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে জনগণের গণজোয়ার বন্ধ করা যাবে না। সেটা বিএনপির বিভাগীয় সমাবেশে প্রমাণ হয়ে গেছে বলে দাবি করেন তিনি। সরকার পরিবহন হরতাল দিয়ে, গায়েবী মামলা দিয়ে, গ্রেফতার করে, হত্যা করে জনগণকে রুখতে পারেনি। আগামীতেও পারার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জেটেবের সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী সাখাওয়াত হোসেন বাবুল বক্তব্য দেন।#
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।