রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া
জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রভাবশালী রাষ্ট্রের প্রতিনিধিদের পরিদর্শন বেড়েছে
নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল, গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
পরে, দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ঘন্টারও বেশি সময় বৈঠক করে মার্কিন প্রতিনিধি দলটি। পরে যৌথ সংবাদ সম্মেলন করা হয়। এসময় ডেরেক শোলে বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনীতি ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সম্পর্ককে আরো এগিয়ে নিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এসময় রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সবধরনের সহযোগিতা করবে, বলে জানান ডেরেক শোলে।
আর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালো বন্ধু। দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে।
এ ছাড়া, ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোত্রাও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আন্তর্জাতিক মহলের বাংলাদেশ সফরের বিষয়টি বিশ্লেষক মহলে দিচ্ছে নানা বার্তা। গণতান্ত্রিক বাম মোর্চার নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি মনে করেন, আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশ এখন অনেকের কাছেই ফ্যাক্টর। কিন্তু ক্ষমতাসীন বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। এমন বাস্তবতায় কূটনৈতিক সম্পর্কে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হওয়ার দাবী করেছেন এই বাম নেতা। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।