একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছে শুধু স্বচ্ছতার অভাবে: সিইসি
https://parstoday.ir/bn/news/bangladesh-i120658-একাদশ_জাতীয়_সংসদ_নির্বাচন_বিতর্কিত_হয়েছে_শুধু_স্বচ্ছতার_অভাবে_সিইসি
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছতার অভাবে বিতর্কিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ কারণেই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে চান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৩, ২০২৩ ১২:৫৪ Asia/Dhaka
  • একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছে শুধু স্বচ্ছতার অভাবে: সিইসি

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছতার অভাবে বিতর্কিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ কারণেই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে চান তিনি।

আজ সোমবার জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে পেশাগত কাজে সাংবাদিকদের জন্য নীতিমালা প্রস্তুত বিষয়ক মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকার স্বচ্ছতা বিশ্বাস করলে  এবং ভালো নির্বাচন চাইলে ভোটের দিন নেটওয়ার্কের গতি কমিয়ে দেওয়া ঠিক হবে না।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) কমিটি ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনের সময় পেশাগত কাজ করতে গিয়ে নানা ধরণের হয়রানি ছাড়াও যেসব সমস্যার মুখোমুখি হন সেসব বিষয় নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেন।

গত সংসদ নির্বাচনের দিনে সাংবাদিকরা আইডিবি ভবনের দিক থেকে আসার পথে বাধার মুখে পড়েছেন, এমন অভিযোগ করলে সিইসির বক্তব্যের মাঝে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, গত নির্বাচনের সময় রাজনৈতিক পরিস্থিতি ছিল অন্যরকম। গোয়েন্দা সংস্থার কাছে নানা ধরণের তথ্য ছিল। যে কারণে এখানে যারাই এসেছেন সবাইকে কয়েকদফা তল্লাশি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এটা করা হয়েছে।

পরে সিইসি বলেন, যদি নিরাপত্তার চাদরে ঢুকে অপকর্ম করা হয় সেটাও বিবেচনায় নিতে হবে। স্বচ্ছতায় বিশ্বাস করি, তবে নিরাপত্তার বিষয়টাকেও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। 

হাবিবুল আউয়াল বলেন, কেউ যদি এখান থেকে তথ্য নিতে চায় তখন বাধা দেওয়া হলে সন্দেহ সৃষ্টি হবে।  তাই স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। না হলে আবারও গত নির্বাচন যেভাবে বিতর্কিত হয়ে পড়েছে তেমন শংকা থেকে যাবে। যে কারণে  এবার স্বচ্ছতার বিষয়টিতে সবচেয়ে বেশি জোর দিতে হবে বলে জানান সিইসি।#

পার্সটুডে/বাদশা রহমান/গাজী আবদুর রশীদ/১৩