যুদ্ধবিদ্ধস্ত সুদান থেকে দেশে ফিরলো ১৩৬ বাংলাদেশী; সহযোগিতার আশ্বাস প্রবাসীকল্যাণ মন্ত্রীর
যুদ্ধবিদ্ধস্ত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন ১৩৬ বাংলাদেশি। আজ সোমবার বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।
সুদান ফেরত বাংলাদেশীদের বিমানবন্দরে স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, দেশে ফেরত আসা প্রবাসীদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে। একই সাথে আগামী ৯ বা ১০ মে সুদান থেকে বাংলাদেশিদের পরবর্তী আরো একটি গ্রুপ দেশে ফিরতে পারে বলেও জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
সুদান ফেরত বাংলাদেশিদের অভয় দিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, দেশকে সবকিছু দিয়েছেন আপনারা, এখন দুরবস্থায় পড়েছেন, তবে চিন্তা করবেন না, দেশ ও সরকার আপনাদের পাশে আছে।
একটি সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে সহায়তা করা যায় সে জন্যই সকল বিষয়ে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, সুদান ফেরত সবাইকে নিবন্ধন করতে হবে।
এর আগে পোর্ট সুদান থেকে প্রথম দফায় ৭০ বাংলাদেশি নাগরিককে নিয়ে সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইট রোববার দুপুরে জেদ্দা বিমানবন্দরে পৌঁছায়। এদের মধ্যে নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়। পরে দ্বিতীয় দফায় বিকালে সৌদি এয়ারফোর্সের আরেকটি বিশেষ ফ্লাইট ৬৬ জন বাংলাদেশিকে নিয়ে জেদ্দায় পৌঁছায়।
গত ৩ মে সুদানের রাজধানী খার্তুম থেকে ৬৭৫ বাংলাদেশিকে নিরাপদে পোর্ট সুদানে নেওয়া হয়। দুই দফায় মোট ১৩টি বাসে করে তাদের সেখানে নেওয়া হয়।
সুদান থেকে বাংলাদেশিদের প্রত্যাবাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাভেল পারমিটসহ প্রয়োজনীয় ব্যবস্থা শেষে প্রথম গ্রুপকে দেশে পাঠানো হয়।
জানা যায়, সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের শুরুর দিকে গত ১৫ এপ্রিল দেশটির রাজধানী খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসা আক্রান্ত হয়। রাষ্ট্রদূতের বাসার দেওয়াল ও জানালা ভেদ করে ঢুকে পড়ে মেশিনগানের গুলি। এরপর গত ২২ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের সময় বাংলাদেশ দূতাবাসের জানালা ও দেওয়াল ভেদ করে মেশিনগানের গুলি ঢুকে পড়ে।
সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ে এখন পর্যন্ত পাঁচ শতাধিক লোক প্রাণ হারানোর কথা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।