মিথ্যাচার করছে সরকার: রিজভী; নির্বাচনে না এলে ভুল করবে বিএনপি: কাদের
বিএনপি নির্বাচনে না এলে আবারও বড় ভুল করবে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়, গণপরিবহনকে বৈদ্যুতিক পরিবহনে ত্বরান্বিতকরণ শীর্ষক এক কর্মশালায় যোগ দিয়ে এ মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচনে নিয়ে সরকার ফাঁদ তৈরি করেছে, বিএনপি নেতাদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে সকল দলের অংশগ্রহন চায় সরকার। কারন আওয়ামীলীগ সরকার গায়ের জোরে কিছুই করতে চায়না বলে দাবী করেন ওবায়দুল কাদের।
এদিকে, সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশ কিংবা, দেশের বাইরের কোন চাপ নেই। নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনেই। আর কোন বাঁধা আসলেও নির্বাচনকালীন সময়ে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বেই, সরকার দেশ পরিচালনার দায়িত্বে থাকবে বলেও জানান তথ্যমন্ত্রী। হাছান মাহমুদ বলেন, পাকিস্তানে ক্রমাগত বিশৃঙ্খলা হচ্ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানই ভালো ছিল মির্জা ফখরুলের এমন বক্তব্যের ব্যাখ্যাও চেয়েছেন তথ্য মন্ত্রী।
তবে, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপ আড়াল করতেই, মিথ্যাচার করছে সরকার। দুপুরে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রিজভী বলেন, বিচার বিভাগ নিয়ন্ত্রণে রেখেছে বলেই বিএনপির কারাবন্দি নেতা কর্মীরা জামিন পাচ্ছেন না। তার অভিযোগ এখন ভিন্ন কৌশলে মামলা দিচ্ছে সরকার। গ্রেফতার হওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করে রিজভী বলেন, নির্বাচনের আগে ক্ষমতাসীনদের কোন কৌশলই কাজে লাগবে না। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।