বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে আমুর বক্তব্য: তিন মন্ত্রীর মিশ্র প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i124110-বিএনপির_সঙ্গে_সংলাপ_প্রসঙ্গে_আমুর_বক্তব্য_তিন_মন্ত্রীর_মিশ্র_প্রতিক্রিয়া
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর গতকাল (মঙ্গলবার) এক অনুষ্ঠানে বলেছেন, 'প্রয়োজনে জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক, আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই সুষ্ঠু নির্বাচন করার বাধা কোথায়? কিভাবে সেটা নিরসন করা যায়।'
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ০৭, ২০২৩ ১১:৪৮ Asia/Dhaka
  • ১৪ দলের সমাবেশে আমির হোসেন আমু
    ১৪ দলের সমাবেশে আমির হোসেন আমু

বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর গতকাল (মঙ্গলবার) এক অনুষ্ঠানে বলেছেন, 'প্রয়োজনে জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক, আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই সুষ্ঠু নির্বাচন করার বাধা কোথায়? কিভাবে সেটা নিরসন করা যায়।'

গতকাল (মঙ্গলবার) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের সমাবেশে তিনি এ কথা বলেন। এর পরপরই এই বক্তব্য নিয়ে রাতভর দেশের রাজনৈতিক মহল এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে নানা আলোচনা। অবশ্য এ বিষয়ে আজ (বুধবার) গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, বক্তব্যটি তার (আমুর) ব্যক্তিগত। এ বক্তব্য নিয়ে আওয়ামী লীগে আলোচনা হয়নি, এমনকি ১৪ দলেও আলোচনা হয়নি। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ

আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতিসংঘ মধ্যস্থতা করবে এই রকম কোনো সংকট স্বাধীন বাংলাদেশে এখনো হয়নি।  আজ (বুধবার) সকালে ৬ দফা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে তিনি এসব মন্তব্য করেন।

কাদের বলেন, বিএনপির সঙ্গে আমাদের আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আমাদের দেশে আমরা আলোচনা করব, এটা নিজেদের সমস্যা, নিজেরাই সমাধান করব। বিগত নির্বাচনে প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান করেছিলেন।

ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্যোগে নির্বাচন কমিশন আরও গণতান্ত্রিক হয়েছে। নির্বাচন ব্যবস্থা আরও গণতান্ত্রিক হয়েছে। গণতন্ত্র হঠাৎ করে রাতারাতি প্রতিষ্ঠা পায় না। প্রাতিষ্ঠানিক রূপ দিতে সময় লাগে। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়।

আসাদুজ্জামান খান কামাল

তবে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংলাপের কোনো বিকল্প নেই। সব কিছুই সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। #

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।