বিএনপির নেতৃত্বে ৩৬ দলের সরকার পতন আন্দোলন, ১২ জুলাই মহাসমাবেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i125412-বিএনপির_নেতৃত্বে_৩৬_দলের_সরকার_পতন_আন্দোলন_১২_জুলাই_মহাসমাবেশ
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠ উত্তপ্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১১, ২০২৩ ১৪:৩৪ Asia/Dhaka

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠ উত্তপ্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

একদিকে, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে, এরিমধ্যে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষণা দিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে  নির্বাচনের প্রস্তুতি জোরালো করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন করতে অনড় অবস্থানে তারা।

অন্যদিকে,নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থার দাবিতে সরব বিরোধীদল বিএনপি। বর্তমান সরকার পতনের আন্দোলনে যোগ দিয়েছে আরো কয়েকটি সমমনা রাজনৈতিক দলও।এমন অবস্থায় ভোটের অধিকার নিশ্চিতে বিএনপির নেতৃত্বে ৩৬ দলের সরকার পতনের আন্দোলনকে গতিশীল করতে ১২ জুলাই ঢাকায় লাখো লোকের সমাবেশের পরিকল্পনা করেছেন তারা।

আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণার দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি। দলটির শীর্ষ নেতারা বলেছেন,একদফা আন্দোলনের রূপরেখা এরইমধ্যে চূড়ান্ত হয়েছে। শরিক দলের সাথে দফায় দফায় বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। ঐক্যবদ্ধ আন্দোলন সফলের আশা করছে শরীক দলের নেতারাও।বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু জানান, একদফা আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে দফায় দফায় বৈঠক হয়েছে শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে।

এছাড়া বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান বলছেন,বিএনপির কর্মসূচিতে জনগণের উপস্থিতে প্রমাণ হয় সরকার পতনের আন্দোলন কতোটা সফল। জনগণের এমন উপস্থিতি দেখে সরকার ভীত বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য আমানউল্লাহ আমান। এদিকে,জোটের শরিক দল নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন,গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনকে আরও বেগবান করতে হবে। জনগণকে সম্পৃক্ত করতে হবে, তবেই সাফল্য আসবে দ্রুত। #

পার্সটুডে/বাদশাহ রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।