একটা লাশ চায় বিএনপি- কাদের, বিএনপির সব নেতাই নির্বাচন করতে চায়- তথ্যমন্ত্রী
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
রাজনৈতিক সমাবেশের নামে একটা লাশ ফেলতে চায় বিএনপি, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন,সমাবেশের পরের দিন অবরোধ কর্মসূচি দেয়া কোন ধরনের গণতন্ত্র? এধরনের কর্মসূচির মাধ্যমে আসলে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে বলে মন্তব্য করেন তিনি।
কাদের বলেন,ভিসানীতি তাদের ওপর প্রয়োগ করা উচিৎ। তাদের উদ্দেশ্য একটা লাশ ফেলা। লন্ডন থেকে তারেক রহমান সেই নির্দেশই দিয়েছেন। সেতুমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামীলীগ নির্বাচন চায়,তাই দলীয় নেতাকর্মীদের উত্তেজনা পরিহার করে মাঠে যাব না। আমরা নির্বাচন চাই। তারা যে করেই হোক সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। নির্বাচন পর্যন্ত আওয়ামীলীগের কর্মসূচি থাকবে,তবে ধরন পাল্টাবে। নির্বাচন পর্যন্ত ছাড়াছাড়ি নেই। আমরা মাঠে আছি।
তিনি দলীয় নেতাকর্মীদের আবারো হুঁশিয়ারি করে দিয়ে বলেন, আওয়ামীলীগ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেও বাঁধাগ্রস্থ করতে চায় বিএনপি। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে, সচিবালয়ে নিজ দপ্তরে ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) আমন্ত্রণে সফররত বিদেশি পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির সব নেতাই নির্বাচন করতে চান । তবে যদি আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে তাহলে বহু ‘উকিল আব্দুস সাত্তার’ দলটি থেকে বেরিয়ে আসবে।#
পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।