বিএনপির নিবন্ধন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে যুবলীগের স্মারকলিপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i126648-বিএনপির_নিবন্ধন_বাতিলের_দাবিতে_নির্বাচন_কমিশনে_যুবলীগের_স্মারকলিপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) 'সন্ত্রাসী সংগঠন' আখ্যা দিয়ে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১০, ২০২৩ ১৩:১৮ Asia/Dhaka
  • নির্বাচন কমিশনে যুবলীগের স্মারকলিপি
    নির্বাচন কমিশনে যুবলীগের স্মারকলিপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) 'সন্ত্রাসী সংগঠন' আখ্যা দিয়ে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ।

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে এ সংক্রান্ত স্মারকলিপি জমা দেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর এই স্মারকলিপিটি লিখেছে যুবলীগ।

পরে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, '১৯৭৫ সালে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ দেশের গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন করেছে। তারই উত্তরসূরিরা তারেক রহমান ও তার মায়ের নেতৃত্বে যে সংগঠন পরিচালিত করছে, সেই সংগঠন বাংলাদেশে হরতাল-অবরোধের নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে।'

তিনি বলেন, 'বাংলাদেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে, তখন তারেক রহমানের নেতৃত্বে আবারো সন্ত্রাস হচ্ছে। তারেক রহমানের নির্দেশেই নৈরাজ্য হচ্ছে, সন্ত্রাসের রাজত্ব  কায়েম করতে চায় বিএনপি। সহিংসতা করে বিদেশিদের বার্তা দিতে চায়, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র।'

নিখিল বলেন, 'বিএনপির রাজনীতি যতদিন থাকবে, দেশে সন্ত্রাসের রাজনীতিও ততদিন থাকবে।'

তিনি বলেন, 'তারেক রহমান একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে ফিরিয়ে এনে মহামান্য আদালত যে রায় দিয়েছেন, সেটা কার্যকর করা হোক।  বিএনপির রাজনীতি যতদিন থাকবে, ততদিন তারা দেশ ধ্বংসের চক্রান্ত করবে, ততদিনই তারা হত্যা, পেট্রোল বোমা হামলা, গ্রেনেড হামলা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করতেই থাকবে। তাই দেশের যুব সমাজ, ছাত্র সমাজ এবং সর্বস্তরের জনগণ মনে করে, এই সংগঠনের বিচরণ বেশি দিন বাংলার মাটিতে থাকা উচিৎ নয়। তাই আমরা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করছি এবং সেই সঙ্গে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছি।'

এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর খুনি অভিযোগ করে তারও মরণোত্তর বিচারও দাবি করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১০