পালিত হচ্ছে জাতীয় শোক দিবস: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
https://parstoday.ir/bn/news/bangladesh-i17260-পালিত_হচ্ছে_জাতীয়_শোক_দিবস_বঙ্গবন্ধুর_প্রতিকৃতিতে_প্রেসিডেন্ট_প্রধানমন্ত্রীর_শ্রদ্ধা
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ১৫, ২০১৬ ০৫:৪৩ Asia/Dhaka
  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (সোমবার) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট এবং পরে প্রধানমন্ত্রী। ফুল দেয়ার পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।  প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সশস্ত্র বাহিনীর একটা চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে বাজানো হয় করুণ সূর।   

প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর দলীয় নেতা-কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ফুল দেয়া হয় আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন পুতুল, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনী প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে চলে  যাওয়ার পর স্থানটি উন্মুক্ত করে দেয়া হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা

৭টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা ছেড়ে ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে যান। সকাল সাড়ে ৭ টায় সেখানে মা, ভাইসহ পরিবারের অন্য সদস্যদের কবরে ফুল দেন তিনি। এরপর মোনাজাত করেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর বনানী কবরস্থানেও জনতার ঢল নামে। বিপুল সংখ্যক মানুষ ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে। বাংলাদেশের দিনপঞ্জিতে ১৫ আগস্ট তাই শোকের দিন। জাতীয় শোক দিবসে সরকারি ছুটির দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের পাশাপাশি আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

সোমবার সূর্যোদয়ের সময় বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ আওয়ামী লীগের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উত্তোলন করা হয়েছে শোকের কালো পতাকা।

সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসেও আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।#  

পার্সটুডে/এআর/১৫