কাল থেকে সরকারি উদ্যোগে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
-
কাল থেকে সরকারি উদ্যোগে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
বাংলাদেশ সরকারের উদ্যোগে দশ টাকা কেজি চাল বিক্রয় কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল (বুধবার) থেকে। মন্দা মৌসুমে সারাদেশে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে খাদ্য নিশ্চিত করতে এই চাল সরবরাহ করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল কুড়িগ্রাম জেলার চিলমারি পাইলট হাইস্কুল মাঠে এক জনসভায় দেশব্যাপী হতদরিদ্র লোকদের জন্য এই খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করবেন ।
খাদ্য মন্ত্রণালয় আয়োজিত এ কর্মসূচি ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব এ. এম বদরুদ্দোজা।
সরকারি সূত্রে জানা গেছে, হতদরিদ্র লোকদের জন্য বিশেষ কার্ড ইস্যু করা হবে। প্রতি মাসে কার্ডধারী প্রতি পরিবার ৩০ কেজি চাল পাবে। প্রতি বছরে মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর -এই পাঁচ মাস এ চাল দেয়া হবে।
এ বছরে সেপ্টেম্বর থেকে নভেম্বর পযর্ন্ত চাল বিতরণ করা হবে। এ লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সাড়ে পাঁচ লাখ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
সমাজে দরিদ্র নারীপ্রধান পরিবার, বিধবা পরিবার, তালাকপ্রাপ্ত পরিবার এবং সাধারণ দরিদ্র পরিবার এই খাদ্য সহায়তা পাবে।
উপজেলা পর্যায়ে একজন সরকারি কর্মকর্তার তত্ত্বাবধানে পাঁচ সদস্যের একটি কমিটি এ সুবিধা প্রাপ্তদের তালিকা তৈরি করবে। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে গঠিত অন্য একটি কমিটি এ তালিকা চূড়ান্ত করবে।
কর্মসূচি পরিচালনার জন্য এলাকায় সুবিধাপ্রাপ্ত প্রতি পাঁচশ পরিবারের জন্য একজন করে ডিলার থাকবেন। মনোনয়ন কমিটির দেয়া তালিকা অনুযায়ী ডিলার তাদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করবে।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৬