জিএসপি ফিরিয়ে দিতে আমেরিকার প্রতি শেখ হাসিনার আহ্বান: সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i20716-জিএসপি_ফিরিয়ে_দিতে_আমেরিকার_প্রতি_শেখ_হাসিনার_আহ্বান_সংশ্লিষ্টদের_প্রতিক্রিয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের তৈরি পোশাককে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা (জিএসপি) ফিরিয়ে দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতিও আহ্বান জানান।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০১৬ ১৪:৫৪ Asia/Dhaka

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের তৈরি পোশাককে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা (জিএসপি) ফিরিয়ে দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতিও আহ্বান জানান।

সোমবার নিউ ইয়র্কের এক হোটেলে বিজনেস কাউন্সিল অব ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ) আয়োজিত মধ্যাহ্নভোজের অংশ নিয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

তিনি জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন।

ভোজ সভায় বাংলাদেশের ব্যবসায়ী প্রতানিধি ছাড়াও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল, আমেরিকান টাওয়ার করপোরেশন, ওয়ালমার্ট, মেটলাইফ, সেভরন করপোরেশন, কোকাকোলাসহ যুক্তরাষ্ট্রের নামী কোম্পানিগুলোর ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা তার বক্তৃতায় উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের তৈরি পোশাককে তাদের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দেয় তাহলে সেটা বাংলাদেশের  তৈরি পোশাক শিল্পের বিকাশ, মেয়েদের কর্মসংস্থান ও ক্ষমতায়ন এবং একটি আধুনিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, “২০১৩ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশে জিএসপি সুবিধা বাতিল করে। ২০১৫ সালে অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জিএসপি সুবিধা ফিরিয়ে দিলেও বাংলাদেশকে না দেয়াটা দুঃখজনক ও নির্দয় সিদ্ধান্ত।“

উল্লেখ্য, ২০১২ সালের  নভেম্বরে ঢাকার কাছে আশুলিয়ায় তাজরিন ফ্যাশনস নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১১০ জনের মৃত্যু এবং তারপর মাত্র ৫ মাসের মাথায় সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় এগারোশ’র বেশি শ্রমিক নিহত হয়। এ বিষয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

বিষয়টি নিয়ে মার্কিন নির্বাচিত প্রতিনিধি এবং শ্রমিক অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠনের চাপ বাড়তে থাকে।

এ প্রেক্ষাপটে বাংলাদেশে শ্রমিকদের কাজের নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে ২০১৩ সালের জুন মাসে মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা বা জিএসপি স্থগিত করে দেয়।

যুক্তরাষ্ট্র বলে আসছে, বাংলাদেশে শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত না হওয়া পর্যন্ত জিএসপি সুবিধা স্থগিত থাকবে।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পেশাকের জিএসপি সুবিধা পূণর্বহালের জন্য প্রধানমন্ত্রীর আহ্বানকে ইতিবাচক বলে মনে করছেন পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিকরা।

আশুলিয়ার জিরাবো এলাকার শতভাগ রপ্তানিমুখী কারখানা আনজির এপারেলের ব্যবস্থাপনা কর্মকর্তা মাসুদুল হক রেডিও তেহরানকে বলেন, এ সুবিধা সরকারের জন্য বাড়তি বৈদেশিক মুদ্রা ছাড়াও,  কারখানা মালিকদের জন্য ও কর্মরত লক্ষ লক্ষ শ্রমিকদের জন্য সুবিধা বয়ে আনবে।

পোশাক প্রস্তুতকারী শ্রমিকদের নেতা মাশরেফা মিশু বলেছেন, তারাও চান মার্কিন বাজারে বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়া হোক। একই সাথে শ্রমিকদের জন্য যেসব সুযোগ-সুবিধা দেয়ার কথা বলা হয়েছে তাও যেন নিশ্চিত করা হয় সে দাবিও করেছেন মোশরেফা মিশু।

এদিকে, বিশ্ব বাজারে পণ্যভিত্তিক রফতানিকে উৎসাহ দিতে ‘প্রডাক্ট অব দি ইয়ার’ ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে তিনটি পণ্যকে বিবেচনায় রাখা হয়েছে। পণ্যগুলো হলো- ওষুধ, বস্ত্র ও পোশাক খাতের ডেনিম ও পাটজাত পণ্য। এর মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি পণ্য চূড়ান্তভাবে ‘প্রডাক্ট অব দি ইয়ার ২০১৬’ স্বীকৃতি দেয়া হবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২০