দেশে ফিরলেন প্রধানমন্ত্রী: গণঅভ্যর্থনায় জনতার ঢল
https://parstoday.ir/bn/news/bangladesh-i21607-দেশে_ফিরলেন_প্রধানমন্ত্রী_গণঅভ্যর্থনায়_জনতার_ঢল
জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগদানসহ ১৭ দিনের ব্রিটেন, কানাডা ও আমেরিকা সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০১৬ ১৬:৫০ Asia/Dhaka
  • দেশে ফিরলেন প্রধানমন্ত্রী: গণঅভ্যর্থনায় জনতার ঢল

জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগদানসহ ১৭ দিনের ব্রিটেন, কানাডা ও আমেরিকা সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি। দুবাই বিমানবন্দরে কিছুটা বিলম্ব হওয়ায় প্রায় দেড় ঘন্টা দেরিতে ঢাকা পৌঁছেন তিনি। বিমানবন্দরে নেমেই পেয়েছেন দল ও সরকারের শীর্ষ ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা আর সড়কে পেয়েছেন দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের উষ্ণ অভ্যর্থনা।

এর আগে দুপুর থেকেই গণঅভ্যর্থনা জানাতে বিমান বন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের পাশে জড়ো থাকেন আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাকর্মীরা। আবার অনেক নেতাকর্মীকে মোটরসাইকেল এবং ট্রাকে রাস্তায় শোডাউন দিতে দেখা যায়।

নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি বহর বের হলে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল গেটের বাইরে থেকে শুরু করে খিলক্ষেত, কুড়িল, বনানী, জাহাঙ্গীর গেট থেকে গণভবন পর্যন্ত আটটি পয়েন্টে রাস্তার দু’পাশে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায় নেতাকর্মীরা। এ সময় ধীর গতিতে গাড়ি চালিয়ে, হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন প্রধানমন্ত্রী।

তাকে অভ্যর্থনা ও গণসংবর্ধনা দেয়া উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন ও কানাডার মন্ট্রিলে গ্লোবাল ফান্ড মিটিংয়ে যোগ দেন। এছাড়া বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনৈতিক, সামাজিক নেতাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে জাতিসংঘের ৭১তম অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান এবং দক্ষ রাষ্ট্র পরিচালনা ও বহুমাত্রিক অবদানের জন্য জাতিসংঘ পদক প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন ও এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত হন তিনি। যা দেশের জন্য অনন্য একটি সম্মান ও গৌরবের বলে মনে করেন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৩০