‘সারাবিশ্বে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী’
-
জাতিসংঘে পুরস্কার গ্রহণ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ‘প্লানেট ফিফটি-ফিফটি চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেইঞ্জ অ্যাওয়ার্ড’ অর্জনের মাধ্যমে দেশ ও জাতির জন্য বিরল সম্মান অর্জন করায় জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব আনা হয়েছে। মঙ্গলবার রাতে সংসদের কার্যপ্রাণালীর ১৪৭ বিধির আওতায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ধন্যবাদ প্রস্তাবটি উত্থাপন করেন।
এসময় শেখ ফজলুল করিম সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নয়, সারাবিশ্বের নেত্রীতে পরিণত হয়েছেন। নারীর ক্ষমতায়নে গোটা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। যথার্থ কর্মের কারণেই জাতিসংঘ শেখ হাসিনাকে এ পুরস্কার দিয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন শুধু তার একার না, দেশবাসীর। সব ষড়যন্ত্র মোকাবেলা করে সারাবিশ্বে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী।
শেখ সেলিম আরও বলেন, বিএনপি-জামায়াত জোট দেশকে ধ্বংস করে রেখে গিয়েছিল। ধ্বংস হওয়া দেশকে তিনি (প্রধানমন্ত্রী) উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন, সারাবিশ্বের সামনে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করেছেন। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করছেন, যে বিপুল পরিমাণ রিজার্ভ রয়েছে, তা দিয়ে ৯টি পদ্মাসেতু করা সম্ভব হবে। জঙ্গি-সন্ত্রাসবাদ দমনেও সারাবিশ্বের প্রশংসা কুড়াচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেয়া দরকার: আ স ম ফিরোজ
শেখ ফজলুল করিম সেলিমের উত্থাপিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্ব আজ বিশ্বে প্রশংসিত। তার সফল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেয়া দরকার।
শেখ হাসিনা বাংলাদেশের জনগণের আশীর্বাদ: খসরু
আওয়ামী লীগ নেতা ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের জনগণের আশীর্বাদ। তিনি শুধু নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্যমুক্ত করেননি, দেশের মানুষকে আত্মমর্যাদা দিয়েছেন। কারোর অনুকম্পা বা দয়ায় নয়, নিজ কর্মদক্ষতায় দেশের ১৬ কোটি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
শেখ হাসিনা বিশ্বের ১০০ নেতার অন্যতম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সারাবিশ্বের একশ’ নেতৃত্বের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন অন্যতম। শেখ হাসিনা বিশ্বের একমাত্র মুসলিম রাষ্ট্রপ্রধান হিসেবে ১৩ বছর ধরে সফল নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
গোটা বাংলাদেশ গর্বিত: ফিরোজ রশীদ
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিরল সম্মান ও অর্জনে গোটা বাংলাদেশ গর্বিত। তার এই অর্জন বিশ্বে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি বৃদ্ধি করেছে।
শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ঠিকানা: রুস্তম আলী ফরাজী
ডা. রুস্তম আলী ফরাজী বলেন, প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে সারাবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। আগে দেশের মানুষ ভাবত কী খাব, কী পরব। এখন সেই অবস্থা আর নেই। দেশ থেকে তিনি দরিদ্র্য দূর করে দিয়েছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ঠিকানা, গর্ব। শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করেছেন।
গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে নারী-পুরুষের সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য ‘প্লানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন‘ এবং ‘এজেন্ট অব চেইঞ্জ অ্যাওয়ার্ড’ অর্জন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে মাল্টার প্রেসিডেন্ট মেরি রুইস কোলেরিও পার্সা এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুনের স্ত্রী ও ফার্স্ট লেডি বান সুন তায়েক 'প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন' পুরস্কার পান।#
পার্সটুডে/এআর/৪