আত্মসমর্পণের পর বিএনপি নেতা হাবিব-উন-নবী সোহেল কারাগারে
-
হাবিব-উন-নবী খান সোহেল
রাজধানীর পল্টন ও যাত্রাবাড়ি থানায় দায়ের করা নাশকতার ২৩ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ নিয়েছে আদালত।
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ৪০ মামলায় আজ (রোববার) সকালে ঢাকা সিএমএম (মুখ্য মহানগর হাকিম) আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপির এ নেতা। শুনানি শেষে ২৩ মামলায় জামিন নাকচ করে বিচারক তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
২০১৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে রাজধানীর যাত্রাবাড়ি, পল্টন, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় মামলাগুলো দায়ের করা হয়। এর মধ্যে কয়েকটি মামলায় সোহেলে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সেসব মামলায় হাজিরা না দিয়ে এতদিন গা ঢাকা দিয়ে ছিলেন সোহেল।
সোহেলের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মোজবাজ জানান, বিএনপির এ নেতার বিরুদ্ধে তদন্তাধীন ও চার্জশিট হওয়ায় প্রায় ১১০টি মামলা রয়েছে। তার মধ্যে রোববার ৪০টি মামলায় তিনি আত্মসমর্পণ করেন। এগুলোর মধ্যে- পল্টন থানার ২২টি, মতিঝিল থানার ৩টি, দারুস সালাম থানার ২টি, যাত্রাবাড়ী থানার ৩টি, ওয়ারী থানার ২টি, মুগদা থানার ৩টি, খিলগাঁও থানার ২টি এবং রমনা, শাহবাগ ও মোহাম্মাদপুর থানার ১টি করে মামলা রয়েছে।#
পার্সটুডে/এআর/৯