ডা. দোলনকে গ্রেফতার সরকারের হিংসাশ্রয়ী রাজনীতির উদাহরণ: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i23227-ডা._দোলনকে_গ্রেফতার_সরকারের_হিংসাশ্রয়ী_রাজনীতির_উদাহরণ_ফখরুল
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল ইসলাম দোলনকে  গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৭, ২০১৬ ১৩:২৭ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর-  ডা. মাজহারুল ইসলাম দোলন
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর- ডা. মাজহারুল ইসলাম দোলন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল ইসলাম দোলনকে  গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (সোমবার) এক বিবৃতিতে তিনি বলেন, "বর্তমান শাসকগোষ্ঠী জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে পাত্তা না দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে। বিরোধী নেতাকর্মীদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারি হিড়িকে দেশবাসী এখন সর্বদা আতঙ্কগ্রস্ত। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল ইসলাম দোলনকে গ্রেফতার বর্তমান সরকারের চলমান হিংসাশ্রয়ী রাজনীতির আরো একটি উদাহরণ।"

মির্জা ফখরুল  ড্যাব নেতা  ডা. মাজহারুল ইসলাম দোলনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' হিসেবে অভিহিত করে তা প্রত্যাহার এবং তার অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

কাজী মাজহারুল ইসলাম দোলন বিএনপির গত কমিটিতে স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন। নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য রাখা হয়েছে তাকে।

উল্লেখ্য, বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর নেতা কাজী মাজহারুল ইসলাম দোলনকে তার ধানমন্ডি বাসা  থেকে গতকাল (রোববার) রাতে কলাবাগান থানা পুলিশ গ্রেফতার করে।  

পুলিশ সূত্র জানিয়েছে, ২০১৫ সালের ৯ মার্চ রাজধানীর তেজগাঁও থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলাটি বর্তমানে মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। সম্প্রতি তদন্ত কর্মকর্তা আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। পরে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই পরোয়ানার ভিত্তিতে দোলনকে গতরাতে  গ্রেফতার করা হয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৭