শেখ হাসিনার বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i23872-শেখ_হাসিনার_বক্তব্য_গণতন্ত্রের_জন্য_বিপজ্জনক_মির্জা_ফখরুল
‘দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগকে যেকোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে’ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যকে ‘গণতন্ত্রের জন্য বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ২৪, ২০১৬ ১৩:০৮ Asia/Dhaka
  • শেখ হাসিনার বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক: মির্জা ফখরুল

‘দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগকে যেকোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে’ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যকে ‘গণতন্ত্রের জন্য বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (সোমবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল আওয়ামী লীগের কাউন্সিলের সমাপনী অধিবেশনে  দলের  সভানেত্রীর বক্তব্যকে উল্লেখ করে বলেন, “তিনি পরিষ্কার বলেছেন, বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। এর সঙ্গে তিনি এটাও বলেছেন, আগামীবার আওয়ামী লীগকে অবশ্যই ক্ষমতায় আসতেই হবে যেকোনো মূল্যে।“

ফখরুল বলেন, আওয়ামী লীগ নেত্রীর কথাগুলো থেকে এটা পরিষ্কার হয়ে গেছে তাদের লক্ষ্য কী এবং তারা কী করতে চান। অথচ উদ্বোধনী অনুষ্ঠান বিদেশি মেহমানদের সামনে খুব বড় গলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বক্তৃতায় বলেছেন, তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তারাই গণতন্ত্রকে বিকশিত করতে চায়।’

মির্জা ফখরুল অভিযোগ করেন,  আওয়ামী লীগ সরকার অনৈতিকভাবে দেশ শাসন করছে। তারা গণতন্ত্রের সব স্তম্ভ ভেঙে দিয়েছে। ভোটের অধিকার, মানুষের কথা বলার, লেখার, সমবেত হওয়ার, প্রতিবাদ করার অধিকার কেড়ে নিয়েছে।

তিনি বলেন, ১৯৭১ স্বাধীনতা যুদ্ধের পর ক্ষমতায় এসে ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। তাদের দুঃশাসনের কারণে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছে। সে কথাটা আমরা অনেকে ভুলে গেছি। তখন তারা সবক্ষেত্রে ব্যর্থ হয়ে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল। আজকেও একটি কর্তৃত্বপরায়ণ সরকার প্রতি মুহূর্তে মিথ্যাচার করে জনগণের দৃষ্টি ফেরানোর জন্য বিভিন্ন ধরনের অপকৌশলের আশ্রয় নিচ্ছে।

মির্জা ফখরুল বর্তমান সরকারকে একটি অকার্যকর সরকার আখ্যা দিয়ে বলেন, যারা অত্যাচার-নির্যাতন করে, দমননীতি চালিয়ে বিরোধীদলকে নিশ্চুপ করে রাখতে পারে, সে সরকার হচ্ছে ইফেক্টিভ গভর্নমেন্ট। এর মধ্যে দিয়ে তারা বাংলাদেশের জনগণের রক্ত দিয়ে অর্জিত মুক্তিযুদ্ধের চেতনাকে হরণ করছে। এখন তারা স্বপ্ন দেখছে ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে।

বর্তমান নির্বাচন কমিশনকে ‘সরকারের নীলনকশা বাস্তবায়নের সহযোগী’ মন্তব্য করে মির্জা ফখরুল  বলেন, সময় যদি আসে তাহলে অবশ্যই এদের বিচার হবে।

তিনি বলেন, আমরা নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন চাই। অন্যথায় সাজানো নির্বাচন কমিশন জনগণ মেনে নেবে না।

আলোচনা সভায় আফসার আহমদ সিদ্দিকীর স্মৃতিচারণ করে বক্তব্য দেন বিএনপি নেতারা।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৪