জিয়া ও খালেদার বিরুদ্ধে মানহানি মামলা, বিএনপি বলল 'রাজনৈতিক হয়রানিমূলক'
https://parstoday.ir/bn/news/bangladesh-i24727-জিয়া_ও_খালেদার_বিরুদ্ধে_মানহানি_মামলা_বিএনপি_বলল_'রাজনৈতিক_হয়রানিমূলক'
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন একটি মানহানি মামলার আবেদন করা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ০৩, ২০১৬ ১৬:৩০ Asia/Dhaka

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন একটি মানহানি মামলার আবেদন করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) ঢাকা মহানগর হাকিম রায়হান-উল ইসলামের আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে এ বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

বাদী মামলার আবেদনে জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেন, "১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করার পর ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব দখল করেন।"

অভিযোগে আরো উল্লেখ করা হয়, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা হয়েও তিনি মুক্তিযুদ্ধের দায়িত্ব কলঙ্কিত করেছেন। স্বাধীনতাবিরোধী যারা বিচারের ভয়ে পাকিস্তানে পালিয়ে গিয়েছিল তাদের দেশে ফিরিয়ে এনে পুনর্বাসিত করেন। জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতার ইতিহাস হুমকিযোগ্য ও মানহানিকর অপরাধ করায় তাকে মামলায় মরণোত্তর আসামি করা হয়।

এ ছাড়া খালেদা জিয়া ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচিত হয়ে সরকারের দায়িত্ব গ্রহণ করেন। সেজন্য বেগম জিয়াকেও এ মানহানি মামলায় অভিযুক্ত করা হয়েছে্।

এ মানহানির মামলা প্রসঙ্গে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী রেডিও তেহরানকে বলেন, এটি একটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা। এ জাতীয় মামলায় মৃত ব্যক্তিকে আসামি করা যায় না।

সাবেক প্রেসিডেন্ট ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহকে সম্পূর্ণভাবে মিথ্যা আখ্যায়িত করে নিতাই রায় চৌধুরী বলেন, জিয়াউর রহমান দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ একটি দেশ গড়তে চেয়েছিলেন। সে জন্য জাতীয়তাবাদী রাজনীতির প্রবর্তন করেছিলেন এবং আজকের আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।  

জামায়াত বা স্বাধীনতা বিরোধীদের প্রসঙ্গে বিএনপি’র এ নেতা স্মরণ করিয়ে দেন, স্বাধীনতার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমান সর্বপ্রথম দালাল আইনে আটকদের মুক্তি দিয়ে তাদের সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন। ‌এরশাদ সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও বিএনপি জোট উভয়েই জামায়াতকে নিয়ে যুগপৎ আন্দোলন করেছে। পরবর্তীতে গোলাম আযম প্রণীত কেয়ারটেকার সরকার ফর্মুলা গ্রহণ করে আওয়ামী লীগ জামায়াতের সাথে একত্রে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বিএনপিকে ক্ষমতা থেকে হটিয়ে ১৯৯৬ সালে জামায়াতের সমর্থনে শেখ হাসিনা সরকার গঠন করেন।

নিতাই রায় বলেন, আজকে দেশকে এগিয়ে নিতে হলে দরকার রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা এবং ঐক্য। এ অবস্থায় নতুন করে রাজনৈতিক বিতর্ক বা বিভেদ উস্কে দেয়াটা কোনো শুভ বুদ্ধির পরিচয় নয়। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩