জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা, সমাবেশের অনুমতি না দেয়ায় সরকারের সমালোচনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i25030-জিয়ার_সমাধিতে_বিএনপির_শ্রদ্ধা_সমাবেশের_অনুমতি_না_দেয়ায়_সরকারের_সমালোচনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বেগম খালেদা জিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৭, ২০১৬ ০৯:৪৬ Asia/Dhaka
  • জিয়ার সমাধিতে খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের শ্রদ্ধা (ফাইল ফটো)
    জিয়ার সমাধিতে খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের শ্রদ্ধা (ফাইল ফটো)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বেগম খালেদা জিয়া।

বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করলেও জাসদসহ কিছু সংগঠন দিনটিকে সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করছে। আজ (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সমাধি প্রাঙ্গণে এসে উপস্থিত হলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান। বিএনপির চেয়ারপারসনও দলের স্থায়ী কমিটির সদস্যসহ সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফাতেহা পাঠ ও মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে হামলার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

তিনি বলেন, কোথায়ও সংখ্যালঘুদের ওপর হামলা হলেই সরকার বিএনপিকে দোষারোপ করে। এটা আওয়ামী লীগের পুরোনো অভ্যাস।

কক্সবাজারের রামুর হামলার ঘটনা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, “আপনারা দেখেছেন অতীতেও দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এমন হামলা হয়েছে। সরকার কোনো তদন্ত না করে তাদের নিজের দোষ এবং লোকদের আড়াল করতে বিএনপিসহ বিরোধী অন্য দলকে দায়ী করেছে। 
তিনি বলেন, “দেশবাসী জানে, প্রমাণ হয়েছে এসব হামলার সঙ্গে সরকার দলের লোকেরা জড়িত। এসব করে সরকার সুপরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে।“ 

এসময় বিএনপি মহাসচিব ৭ নভেম্বর ' জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি না দেয়ার সমালোচনা করেন। #

পার্সটুডে/এআর/৭