বিএনপিকে সমাবেশের অনুমতি, রিজভীর প্রত্যাখ্যান, নতুন কর্মসূচি ঘোষণা
https://parstoday.ir/bn/news/bangladesh-i25126-বিএনপিকে_সমাবেশের_অনুমতি_রিজভীর_প্রত্যাখ্যান_নতুন_কর্মসূচি_ঘোষণা
২৭টি শর্ত সাপেক্ষে বিএনপিকে আজ (মঙ্গলবার) বেলা দুইটা থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৮, ২০১৬ ১১:৪৯ Asia/Dhaka
  • বিএনপিকে সমাবেশের অনুমতি, রিজভীর প্রত্যাখ্যান, নতুন কর্মসূচি ঘোষণা

২৭টি শর্ত সাপেক্ষে বিএনপিকে আজ (মঙ্গলবার) বেলা দুইটা থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান আজ দুপুরে এ তথ্য জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্দেশ করে ডিএমপির চিঠিতে বলা হয়েছে, "আপনার ৬ নভেম্বর ২০১৬ তারিখের আবেদনের প্রেক্ষিতে নিম্নবর্ণিত শর্তাবলী যথাযথভাবে পালন সাপেক্ষে ৮ নভেম্বর ২০১৬ ১৪.০০ ঘটিকায় (দুপুর ২টায়) শাহবাগ থানাধীন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর উদ্যোগে আলোচনা সভা আয়োজনের অনুমতি প্রদান করা হলো।"

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন,  "আমরা রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বা অন্য কোথাও সমাবেশ করার অনুমতি চাইনি। আমরা সমাবেশ করার অনুমতি চেয়েছি সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা রোববার (১৩ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করব।"

দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৩ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেন। 

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের ওই ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, "আমরা গণতন্ত্রে বিশ্বাস করি তাই নিয়ম মেনে আবার অনুমতি চাইছি। অনুমতি চাইতেই থাকব। এরপর অনুমতি না পেলে কর্মসূচি ঘোষণা করব। আশাকরি সরকারের শুভবুদ্ধির উদয় হবে।"

এর আগে, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। কিন্তু নয়াপল্টনেও অনুমতি না পাওয়ায় ফের সোহরাওয়ার্দী উদ্যানে ১৩ নভেম্বর সমাবেশ করার ঘোষণা দিল দলটি।#

পার্সটুডে/ এআর/৮