সমাবেশের অনুমতি, বিএনপির প্রত্যাখ্যান এবং নতুন কর্মসূচি ঘোষণা
https://parstoday.ir/bn/news/bangladesh-i25156-সমাবেশের_অনুমতি_বিএনপির_প্রত্যাখ্যান_এবং_নতুন_কর্মসূচি_ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ঘোষিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশের অনুমতি না পাওয়ায় আগামী ১৩ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৮, ২০১৬ ১৫:৫৬ Asia/Dhaka

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ঘোষিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশের অনুমতি না পাওয়ায় আগামী ১৩ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

এর আগে, ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। কিন্তু নয়াপল্টনেও অনুমতি দেয়া হয় নি।

 বিএনপির পক্ষ থেকে আজ নতুন করে সোহরাওয়ার্দী উদ্যানে ১৩ নভেম্বরের সমাবেশ ঘোষণা দেবার কিছুক্ষণের মধ্যে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, বিএনপিকে ২৭ টি শর্তে মঙ্গলবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা কেবল সমাবেশের অনুমতি দিচ্ছে, স্থান ব্যাবহারের নয়। সেজন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকেও আলাদাভাবে অনুমতি নিতে হবে।

শর্তে বলা হয়, সমাবেশের কার্যক্রম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন্সে সীমাবদ্ধ রাখতে হবে এবং তা শেষ করতে হবে বিকাল সাড়ে ৪টার মধ্যে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অন্য কোনো স্থানে বিএনপির সমাবেশ করার অবকাশ নেই। আমাদের মহাসচিব জানিয়েছেন, আগামী ১৩ নভেম্বর রোববার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে। এর বাইরে কোথাও সমাবেশ অথবা আলোচনা সভা করার কোনো সিদ্ধান্ত বিএনপি গ্রহণ করেনি।

বিএনপিকে সভা করতে না দেবার বিষয়টিকে ক্ষমতাসীনদের শক্তির দাপট হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রেডিও তেহরানকে বলেন, বিএনপি তার অধিকার আদায়ের জন্য যথেষ্ট শক্তি প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে।

মুফতি ফয়জুল্লাহ মনে করেন, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং প্রত্যেক নাগরিক ও প্রতিটি  রাজনৈতিক দলকে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করার পরিবেশ সৃষ্টি করে দেবে।

ওদিকে, মঙ্গলবার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। শতাধিক পুলিশ সদস্য এপিসি ও জলকামানসহ  বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে। এসময়  দলের কার্যালয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হয় নি ।

 বিএনপিকে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে সকাল পৌনে ১০টায় মহিলা দল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নেয়। এ  সময় পুলিশ মহিলা দলের দুই কর্মীকে আটক করে পল্টন থানায় নিয়ে যায়। #

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৮