জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: খালেদার আত্মপক্ষ সমর্থন আগামী ২৪ নভেম্বর
https://parstoday.ir/bn/news/bangladesh-i25300-জিয়া_চ্যারিটেবল_ট্রাস্ট_মামলা_খালেদার_আত্মপক্ষ_সমর্থন_আগামী_২৪_নভেম্বর
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২৪ নভেম্বর তারিখ ধার্য করেছে আদালত। আজ (বৃহস্পতিবার) দুপুরে তার উপস্থিতিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার নতুন তারিখ ধার্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ১০, ২০১৬ ১১:২৮ Asia/Dhaka
  • আদালতে খালেদা জিয়া (ফাইল ফটো)
    আদালতে খালেদা জিয়া (ফাইল ফটো)

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২৪ নভেম্বর তারিখ ধার্য করেছে আদালত। আজ (বৃহস্পতিবার) দুপুরে তার উপস্থিতিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার নতুন তারিখ ধার্য করেন।

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এ মামলাটির বিচারকাজ চলছে। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারও চলছে এ আদালতে।

দুর্নীতির এই দুই মামলায় হাজিরা দিতে বেলা ১১টার দিকে আদালতে হাজির হন খালেদা জিয়া। শুনানি শেষে বেলা পৌনে একটার দিকে আদালত ত্যাগ করেন তিনি।

আইনজীবীরা জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাকে খালেদা জিয়ার আইনজীবীরা জেরা করেন। জেরা শেষে আগামী ২৪ নভেম্বর খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের তারিখ ধার্য করে আদালত। সেদিন খালেদা জিয়াকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য আগামী ১৭ নভেম্বর তারিখ ধার্য করেছে আদালত।

শুনানি শেষে খালেদা জিয়ার উদ্দেশে বিচারক বলেন, আত্মপক্ষ সমর্থনের বিষয়ে আপনাকে তিনটি প্রশ্ন করা হবে। আপনি চাইলে মৌখিক বা লিখিতভাবে প্রশ্নগুলোর জবাব দিতে পারবেন। এ জন্য আপনি প্রস্তুতি নিয়ে আসবেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় ৪ জনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন। আর জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর মামলাটি করে সংস্থাটি।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১০