'টালবাহানা' না করে সমাবেশের অনুমতি দেয়ার আহ্বান বিএনপির
https://parstoday.ir/bn/news/bangladesh-i25492-'টালবাহানা'_না_করে_সমাবেশের_অনুমতি_দেয়ার_আহ্বান_বিএনপির
'টালবাহানা' না করে বিএনপিকে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ করার অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ (শনিবার) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১২, ২০১৬ ১৩:২৯ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

'টালবাহানা' না করে বিএনপিকে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ করার অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ (শনিবার) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

রিজভী আহমেদ বলেন, আবারও পুলিশ প্রশাসনকে বলতে চাই, ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে জনসভা করার অনুমতি দেয়ার ব্যাপারে কোনো প্রকার টালবাহানা, গড়িমসি করবেন না। আজকেই (শনিবার) জনসভা অনুষ্ঠানের অনুমতি দিন।

সরকার ও আইনশৃংখলাবাহিনীর সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, আওয়ামী শাসকগোষ্ঠী এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনী ভয় ও শঙ্কা রোগে ভুগছে। মানুষের জমায়েতের কথা শুনলেই তারা শঙ্কিত হয়ে উঠে। কারণ, বিরোধীদল আয়োজিত এধরনের গণজমায়েতে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ ওঠে। এ আশঙ্কায় সরকার পুলিশকে দিয়ে বিরোধী দলের সংবিধান স্বীকৃত কর্মসূচিকে নস্যাৎ করে চলেছে।

পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, আপনারা আওয়ামী লীগের নয়, জনগণের সেবক হিসেবে আইনানুগ আচরণ করুন। পৃথিবীতে কখনোই প্রশাসনকে দলীয়করণ করে কোনো একনায়কের শেষ রক্ষা হয়নি। ক্ষমতাসীনদের মায়ামুগ্ধ হয়ে জনগণের অধিকার হরণ করে নিজেদের গণশত্রুতে পরিণত করবেন না।

এদিকে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের জন্য সর্বদলীয় কমিটি করার কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। আজ (শনিবার) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপা আয়োজিত এক স্মরণসভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী এখন নির্বাচনের কথা বলেন। এজন্য তাকে সাধুবাদ জানাই। কিন্তু নিরপেক্ষ নির্বাচনের জন্য সমঝোতা ও আলোচনার প্রয়োজন আছে। কারণ রকিবউদ্দিন মার্কা কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন হবে না।

নোমান আরও বলেন, অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচন হতে হবে। এর জন্য নিরপেক্ষ কমিশন ও সরকার লাগবে। সর্বদলীয় কমিটি লাগবে। কিভাবে নির্বাচন হবে সে  কমিটি তিনি নির্ধারণ করবেন ।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/১২