'নাসিরনগরে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার শাসকদলের অপরাধের ভারসাম্য আনার অপচেষ্টা'
https://parstoday.ir/bn/news/bangladesh-i25879-'নাসিরনগরে_বিএনপি_নেতাকর্মীদের_গ্রেফতার_শাসকদলের_অপরাধের_ভারসাম্য_আনার_অপচেষ্টা'
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়ি এবং মন্দিরের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারকে 'শাসকদলের অপরাধের ভারসাম্য আনার অপচেষ্টা' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৬, ২০১৬ ১২:৫১ Asia/Dhaka
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়ি এবং মন্দিরের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারকে 'শাসকদলের অপরাধের ভারসাম্য আনার অপচেষ্টা' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল নাসিরনগরে বিএনপি নেতা আমিনুল ইসলাম চকদার, জুনায়েদ সিদ্দিকী জুয়েল, মোঃ শাহজহান ও ফারুককে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিক্রিয়ায় আজ (বুধবার) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন সাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, “ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর, উপসনালয়ে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। এই ঘটনায় সকল তথ্য প্রমানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে সর্বজন স্বীকৃতভাবে প্রমাণিত হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে বিক্ষুব্ধ ছাত্রসমাজ পানিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগের দাবিতে প্রতিবাদ, অবরোধ ও লংমার্চের কর্মসূচি অব্যাহত রেখেছে।"

তিনি বলেন, "আওয়ামী লীগ নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর, মন্দির আক্রমণ হয়েছে- সে বিষয়ে কারো কোনো সংশয় নেই। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর, উপসনালয় ও জানমালের ওপর একের পর এক আক্রমণ অব্যাহত রেখেছে। তখন থেকেই সরকারী দলের লোকেরা ধর্মীয় সংখ্যালঘুদের জোত-জমি, সহায়-সম্বল দখলের হিড়িক চালিয়ে এসেছে।"

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, "কয়েকদিন আগে সংঘটিত গাইবান্ধায় সাঁওতাল পল্লিতে পুলিশ ও আওয়ামী লীগের আক্রমণে গুরুতর আহত দুইজন সাঁওতালকে চিকিৎসা না দিয়ে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। এ ধরণের ঘটনা চরম অমানবিকতার বহিঃপ্রকাশ।"

তিনি অভিযোগ করেন, "সংখ্যালঘুদের ওপর একের পর এক আক্রমণ ও লুটপাটের ঘটনা এবং সরকারি দলের অনাচারের বিরুদ্ধে সারাদেশে ফুঁসে ওঠা হিন্দু জনগোষ্ঠীর ক্ষোভকে অন্যদিকে সরিয়ে দেয়ার জন্য সরকার হীন রাজনৈতিকউদ্দেশ্যে স্থানীয় বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা দায়ের করে গ্রেফতার শুরু করেছে।"

বিবৃতিতে বলা হয়, "রাষ্ট্রকে গণতন্ত্রহীন করে সরকার গায়ের জোরে ক্ষমতা ধরে রেখে তারা দেশব্যাপী দখল ও লুটপাটের সংস্কৃতি চালু করেছে। পাশাপাশি প্রশাসনকে কব্জা করে অপকর্মে লিপ্ত নেতাদের দলীয় লোকদের প্রশ্রয় দেয়া হচ্ছে এবং বিরোধী দলের নেতা-কর্মীদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হচ্ছে। জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে।" 

বিএনপি মহাসচিব নাসিরনগরে নেতা কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাদের মুক্তির জোর দাবি জানিয়েছেন।#

পার্সটুডে/এআর/১৬