'প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির বিষয়টি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র এখনই বলা যাচ্ছে না'
-
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির বিষয়টি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তা খতিয়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিশেষ বিমানটির আকস্মিক ত্রুটির বিষয়টি দুর্ঘটনা, কারো অবহেলা, নাকি কোনো ষড়যন্ত্র তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তে কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার আগে এ বিষয়ে স্পষ্ট কিছুই বলা যাচ্ছে না। তবে প্রাথমিক তদন্তে ৫ জনের দায়িত্বে অবহেলা থাকায় তাদের সাসপেন্ড করা হয়েছে। এখানে কোনো ষড়যন্ত্র নেই, তা এখনই বলা যাচ্ছে না।
আজ (শুক্রবার) দুপুরে প্রধানমন্ত্রীর জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় জীবনে আরেকটা মর্মান্তিক বিপর্যয় ঘটে যেতে পারত। মহাসংকটের আরেকটা কালো ছায়া পড়তে পারত। আল্লাহর অশেষ রহমত শেখ হাসিনাকে সেদিন হেফাজত করেছেন। সেজন্য সারাদেশে সব ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এদিকে, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের দূরে রাখার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। আজ (শুক্রবার) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় গণিত অলিম্পিয়াডে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।
দীপু মনি বলেন, দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে।
অনুষ্ঠান শেষে বিজয়ী ৭৬ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময়, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/শামস মণ্ডল/এআর/২