চিঠির উত্তর না পেয়ে খালেদা জিয়ার প্রস্তাব বঙ্গভবনে পৌঁছে দিল বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i27589-চিঠির_উত্তর_না_পেয়ে_খালেদা_জিয়ার_প্রস্তাব_বঙ্গভবনে_পৌঁছে_দিল_বিএনপি
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব ও সাক্ষাতের জন্য দলের মহাসচিবের করা আবেদন প্রেসিডেন্টের সরকারি বাসভবনে পৌঁছে দেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৬, ২০১৬ ০৯:১৯ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রেসিডেন্টের সরকারি বাসভবন বঙ্গভবন
    বাংলাদেশের প্রেসিডেন্টের সরকারি বাসভবন বঙ্গভবন

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব ও সাক্ষাতের জন্য দলের মহাসচিবের করা আবেদন প্রেসিডেন্টের সরকারি বাসভবনে পৌঁছে দেয়া হয়েছে।

আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় বিএনপির ভাইস চেয়ারপারসন মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বঙ্গভবনে প্রেসিডেন্ট আবদুল হামিদের সহকারী সামরিক সচিব মাইনুর রহমানের কাছে প্রস্তাবের মুদ্রিত কপি হস্তান্তর করেন।   

পরে সাংবাদিকদের রিজভী জানান, "ইসি পুনর্গঠনে বিএনপির ১৩ দফার মুদ্রিত কপি রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে। রাষ্ট্রপতি এখন দেশের বাইরে রয়েছেন। ১১ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। আমরা আশা করছি, দেশে ফেরার পর ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতি আলোচনার উদ্যোগ নেবেন।" 

১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া

নতুন নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে, সেই কমিশনের অধীনে কীভাবে আগামী নির্বাচন হবে- সে বিষয়ে গত ১৮ নভেম্বর জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে নিবন্ধিত সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের আহ্বান জানান তিনি। সব দলের ঐক্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে ৫ সদস্যের বাছাই কমিটি গঠনেরও কথা বলেন তিনি।  তবে, সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে ওই দিনই তা সরাসরি নাকচ করে দিয়ে বলা হয়েছে, আলোচনার প্রয়োজন নেই; সংবিধান অনুযায়ীই নির্বাচন কমিশন গঠিত হবে।

অবশ্য, পরের দিন তার একান্ত সচিব এবিএম সাত্তার প্রেসিডেন্টের সামরিক সচিবকে ফোন দিয়ে খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আবদুল হামিদের সাক্ষাতের সুযোগ চান। এই ফোনের কোনো সাড়া না পেয়ে ২৩ নভেম্বর দলের সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, মুনির হোসেন ও সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীনকে দিয়ে বঙ্গভবনে একটি চিঠি পাঠায় বিএনপি। ওই চিঠিতেও রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাতের সুযোগ চাওয়া হয়।

কিন্তু ১২ দিনেও চিঠির কোনো উত্তর না পাওয়ায় খালেদা জিয়ার প্রস্তাবের লিখিত কপি প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেয়ার সুযোগ চায় বিএনপি। এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গভবনে চিঠি নিয়ে যাওয়ার অনুমিত পায় দলটি।#

 

পার্সটুডে/ এআর/৬