দুই মাসে ২১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে: আইওএম
https://parstoday.ir/bn/news/bangladesh-i27643-দুই_মাসে_২১_হাজার_রোহিঙ্গা_বাংলাদেশে_অনুপ্রবেশ_করেছে_আইওএম
মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে প্রাণে বাঁচতে গত দুই মাসে রাখাইন রাজ্যে থেকে অন্তত ২১ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আন্তর্জাতিক শরণার্থীবিষয়ক সংস্থা আইওএম মঙ্গলবার এ তথ্য দিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ০৭, ২০১৬ ০৯:১৯ Asia/Dhaka
  • দুই মাসে ২১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে: আইওএম

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে প্রাণে বাঁচতে গত দুই মাসে রাখাইন রাজ্যে থেকে অন্তত ২১ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আন্তর্জাতিক শরণার্থীবিষয়ক সংস্থা আইওএম মঙ্গলবার এ তথ্য দিয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, 'গত ৯ অক্টোবর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত মোট ৫৪ দিনে প্রায় ২১ হাজার রোহিঙ্গা কক্সবাজারে পৌঁছেছে।'

এর আগে বুধবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) ব্যাংকক শাখার মুখপাত্র ভিভিয়ান টান বলেছেন, ‘বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে আমাদের ধারণা, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে ১০ হাজার রোহিঙ্গা নতুন করে ঢুকেছে। তবে পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।’ 

বাংলাদেশে আশ্রয় নেয়া কিছু রোহিঙ্গা মুসলিম

কক্সবাজারে আইওএমের বাংলাদেশ অফিসের প্রধান সংযুক্তা সাহানি গতকাল বলেছেন, মিয়ানমার সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযান থেকে বাঁচতে গত দুই মাসে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ২১ হাজার সদস্য বিতাড়িত হয়ে সীমান্ত পাড়ি দিয়েছেন।

জাতিসংঘ সংস্থাগুলো ও আন্তর্জাতিক এনজিও সংস্থার সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ সংখ্যা জানা গেছে বলে সংযুক্তা সাহানি জানান। 

তিনি জানান, পালিয়ে আসা অধিকাংশ শরণার্থী অস্থায়ী বসতি, সরকারি শরণার্থী শিবির ও গ্রামে গ্রামে আশ্রয় নিয়েছে। এদের এক বড় অংশই হচ্ছে নারী ও শিশু।

গত ৯ অক্টোবর অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিদের হাতে মিয়ানমারের ৯ পুলিশ নিহত হওয়ার পর সেখানে নিরীহ মুসলমানদের ওপর ফের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের হামলা শুরু হয়েছে। তখন থেকে এ পর্যন্ত দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে বসবাসরত ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।#

পার্সটুডে/এআর/৭