রংপুরের মানুষ ভুলেই গেছে মঙ্গা বলতে কিছু একটা ছিল: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i30052-রংপুরের_মানুষ_ভুলেই_গেছে_মঙ্গা_বলতে_কিছু_একটা_ছিল_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক সময়ের রংপুর বিভাগ ছিল মঙ্গায় আক্রান্ত। আওয়ামী লীগের ৮ বছরের শাসনামলে রংপুরবাসী ভুলেই গেছে মঙ্গা বলতে কিছু একটা ছিল। এমনকি যোগাযোগের দিক থেকেও এ বিভাগ এগিয়ে যা
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
জানুয়ারি ০৪, ২০১৭ ০৯:১১ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক সময়ের রংপুর বিভাগ ছিল মঙ্গায় আক্রান্ত। আওয়ামী লীগের ৮ বছরের শাসনামলে রংপুরবাসী ভুলেই গেছে মঙ্গা বলতে কিছু একটা ছিল। এমনকি যোগাযোগের দিক থেকেও এ বিভাগ এগিয়ে যা

আজ (বুধবার) বেলা ১১টায় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ড. ওয়াজেদ রিসার্স ট্রেনিং অ্যান্ড ইনস্টিটিউট ভবন এবং শেখ হাসিনা ছাত্রীহলের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

গণভবন থেকে রংপুর বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, কিছু প্রত্যন্ত অঞ্চলে আমি নিজে দেখিছে হাড্ডিসার মানুষ, তারা ঠিকমতো খেতে পেত না। আমাদের সরকার ওই অঞ্চলের জন্য বিভিন্ন কর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ করে মঙ্গা দূর করেছে। তারা এখন ভুলেই গেছে মঙ্গা বলতে কিছু একটা ছিল। 

তিনি বলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষিত জনগোষ্ঠী দরকার। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কোনো দেশ দারিদ্রমুক্ত হতে পারে না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় হবে। কোথাও সরকারি অথবা বেসরকারি উদ্যোগে।

নিজ সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ক্ষমতায় থাকাকালে আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দিয়ে যাই, আর বিএনপি ক্ষমতায় এসে তা কমায়। আমরা খাদ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছি। আর বিএনপি ক্ষমতায় এসে খাদ্য ঘাটতির দেশে পরিণত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আমাদের মেয়েদের তুলে দিয়েছে- হত্যায় সহযোগিতা করেছে, তাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে বিএনপি। আমরা যেনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারি সেটাই লক্ষ্য ছিল।

তিনি আরও বলেন, ২১ বছর পর আমরা ক্ষমতায় এসে বিভিন্ন ভাতা চালু করেছি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করেছি। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক তৈরি করি। কিন্তু বিএনপি ফের ক্ষমতায় এসে সব বন্ধ করে দেয়। খাদ্য ঘাটতি আবার দেখা দেয়, স্বাক্ষরতার হার কমে যায়, বিদ্যুৎ উৎপাদন কমে যায়।

এসময় তিনি রংপুরকে একটি সমৃদ্ধশালী বিভাগ হিসেবে গড়ে তোলার আশাবাদ জানান প্রধানমন্ত্রী #

পার্সটুডে/এআর/৪