জনপ্রিয়তার কারণে শেখ হাসিনাকে নির্বাচনে পরাজিত করা সম্ভব নয়: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i30241-জনপ্রিয়তার_কারণে_শেখ_হাসিনাকে_নির্বাচনে_পরাজিত_করা_সম্ভব_নয়_কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা এখন এতটাই বেশি যে, নির্বাচনের মাধ্যমে তাকে আর পরাজিত করা সম্ভব নয়।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
জানুয়ারি ০৬, ২০১৭ ১৩:০২ Asia/Dhaka
  • আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা এখন এতটাই বেশি যে, নির্বাচনের মাধ্যমে তাকে আর পরাজিত করা সম্ভব নয়।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে মতবিনিয়ময় কালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, চিন্তা, মননশীলতা ও দক্ষতার জন্য আজ তার (শেখ হাসিনা) জনপ্রিয়তা শুধু দেশে নয়, অভ্রভেদী। এ জনপ্রিয়তার জন্যই একটি মতলবি মহল তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করছে। ২০তম ষড়যন্ত্র হলো বিমানে যান্ত্রিক ত্রুটি। প্রতিপক্ষ বুঝে গেছে, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়। তাই ষড়যন্ত্রই তাদের একমাত্র পথ। এ জন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের মনে রাখতে হবে, ১৯৮১ সালের শেখ হাসিনা আর ২০১৬ সালের শেখ হাসিনা এক নয়, বরং হাজার গুণ বেশি শক্তিশালী। তাই এসব ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ঠেকানো যাবে না।

দলে বিশৃঙ্খলাকারীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুই/একজনের অপর্কমের কারণে শেখ হাসিনার অর্জন নষ্ট হতে দেয়া হবে না। তারা যদি নিজেরা সংশোধন না হয়, তাহলে দল থেকে বের করে দেয়া হবে।

এ সময়, স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশের কারণে যাতে সাধারণ মানুষের চলাচলে কোনো প্রকার বিঘ্ন না ঘটে, সেদিকে সতর্ক থাকার আহবান জানিয়ে ওবায়দুল বলেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি। সুতরাং জনগণের কষ্ট হয় এমন কিছু করা যাবে না।

দেশে জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। কোনোভাবে মনে করার কারণ নেই যে, তারা শেষ হয়ে গেছে। তারা প্রতিনিয়ত ডালপালা গজাচ্ছে। এর প্রমাণ হলি আর্টিজানের পর কল্যাণপুর ও আশকোনার ঘটনা। সুতরাং পুলিশের এ অভিযানে সন্তুষ্ট না থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৬